নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি বিদ্যালয়ের ভবন নির্মাণে অদ্ভুত এক চিত্র ফুটে উঠেছে। উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চবিদ্যালয়ে ২৭ লাখ টাকা ব্যয়ে দুইতলা একাডেমিক ভবন নির্মাণ করা হলেও রাখা হয়নি ওপরে ওঠার জন্য কোনো সিঁড়ি। ফলে তিন দফা বরাদ্দে নির্মিত এই ভবনটি বর্তমানে কার্যত অচল ও অকেজো পড়ে আছে।
অনুসন্ধানে জানা যায়, রাজবাড়ী জেলা পরিষদের অর্থায়নে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন দফায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।২০১৬-১৭ অর্থবছরে মেসার্স রাজা অ্যান্ড কোং খরচ করে ৭ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ ব্যয় করে ৫ লাখ টাকা। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে মেসার্স জাহান ট্রেডার্স ১৫ লাখ টাকা ব্যয়ে কাজটি শেষ করে। মোট ২৭ লাখ টাকা খরচ হলেও পুরো প্রকল্পের কোথাও একটি সিঁড়ি যুক্ত করা হয়নি, যা এলাকাবাসীর মাঝে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সোমবার (৪ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির নিচতলায় কোনোমতে পাঠদান চললেও ওপরের তলাটি সিঁড়ির অভাবে পরিত্যক্ত পড়ে আছে। নিচতলায় কক্ষ সংকট এতটাই তীব্র যে, বড় কক্ষকে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। এতে চরম বিঘ্ন ঘটছে শিক্ষার স্বাভাবিক পরিবেশে। নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির সবুজ মন্ডল জানায়, তাদের নতুন ক্লাসরুম থাকতেও কষ্টের মধ্যে ক্লাস করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রকল্পের নামে বিপুল টাকা বরাদ্দ নেওয়া হলেও কাজের সুষ্ঠু তদারকি হয়নি। যথাযথভাবে কাজ সম্পন্ন না করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলে তারা মনে করেন। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় আক্ষেপ প্রকাশ করে বলেন, "দীর্ঘ চার বছর ধরে ভবনটি এভাবেই পড়ে আছে। সিঁড়ি না থাকায় শিক্ষার্থীরা ভবনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।"
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, মূলত অর্থ সংকটের কারণে সিঁড়ির অংশটুকু তখন শেষ করা সম্ভব হয়নি। তবে বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিঁড়িহীন দোতলা স্কুল ভবন: ২৭ লাখ টাকা ব্যয়েও মিলছে না সুফল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিঁড়িহীন দোতলা স্কুল ভবন: ২৭ লাখ টাকা ব্যয়েও মিলছে না সুফল..
ছবি: সংগৃহীত
No comments found