বরিশালের বানারীপাড়ায় বুধবার সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপজেলার কৃষকরা। মাঠের পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোনালী স্বপ্ন চোখের সামনে ডুবে যেতে দেখে অনেক কৃষকের কপালে চিন্তার ভাঁজ এবং চোখে জল দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অনেক মাঠের ধান কাটার উপযুক্ত হলেও বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। বৃষ্টির পানিতে কৃষি জমি তলিয়ে যাওয়ায় কাটা ধান পানিতে ভাসছে, আর যা এখনো কাটা হয়নি তা নুয়ে পড়ে পচে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকরা জানান, ধারদেনা করে চাষাবাদ করার পর এখন ফসল ঘরে তোলার মুহূর্তে এই প্রাকৃতিক দুর্যোগ তাদের নিঃস্ব করে দিচ্ছে। অনেক জায়গায় শ্রমিক সংকটের পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির কারণে কোনোভাবেই ধান রক্ষা করা যাচ্ছে না। অপরদিকে টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন পানিতে সয়লাব। সড়কের ওপর কোথাও হাঁটু সমান, আবার কোথাও তার চেয়েও বেশি পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ পথচারীরা পড়েছেন চরম বিপাকে। অফিসগামী যাত্রী ও ব্যবসায়ীদের নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ড্রেনগুলো উপচে ময়লা পানি সড়কে ছড়িয়ে পড়ায় দুগোর্ন্ধ ও জনস্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়েছে।
রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় খানাখন্দ দেখা যাচ্ছে না, ফলে ছোটখাটো দুর্ঘটনা অহরহ ঘটছে। অনেক জায়গায় রিকশা ও ইজিবাইক বিকল হয়ে মাঝরাস্তায় আটকে থাকতে দেখা গেছে। এই সুযোগে কিছু অসাধু চালক বাড়তি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই সামান্য বৃষ্টিতে এমন ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সারাদিনই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনে ৮৬% বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।
উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন বানারীপাড়ার সাধারণ মানুষ।
বানারীপাড়ায় মুষলধারে বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি: পানির নিচে কৃষকের ফসল
Aplikasi 'Eye News BD'
Komentar 0