এমপির গাড়ি ভাঙচুর মামলার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এমপির গাড়ি ভাঙচুর মামলার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির সংবাদ সম্মেলন..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
এমপির গাড়ি ভাঙচুর মামলার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির সংবাদ সম্মেলন..
এমপির গাড়ি ভাঙচুর মামলার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
এমপির গাড়ি ভাঙচুর মামলার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির সংবাদ সম্মেলন

 নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপি।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির। বক্তব্যে তিনি সাম্প্রতিক ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সংসদ সদস্যকে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা দুঃখজনক।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সংসদ সদস্য মাসুম মোস্তফা মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে যান। সে সময় সরকারি নির্দেশনা অনুযায়ী স্টেশনটি বন্ধ ছিল। তেল নেওয়াকে কেন্দ্র করে এমপির সহকারী আল আমিনের সঙ্গে উপস্থিত লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, ঘটনার পর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তা ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
বক্তব্যে আরও বলা হয়, ঘটনার সময় আবু তাহের তালুকদার ঢাকায় অবস্থান করছিলেন, যা যাচাইযোগ্য। এরপরও তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে দাবি বিএনপি নেতাদের।
এছাড়া, মামলার কয়েকজন আসামির প্রসঙ্গ তুলে বিএনপি নেতারা বলেন, ৪৭ নম্বর আসামি আবু বকর রানা প্রায় তিন মাস ধরে ময়মনসিংহের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ২২ নম্বর আসামি মানিক মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং ৫৯ নম্বর আসামি আব্দুল্লাহ সাকিব ঘটনাস্থলে একজন সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—
১. দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার,
২. নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা,
৩. নিরীহ নেতাকর্মীদের হয়রানি বন্ধ করা,
৪. রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আব্দুল গফুর, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator