বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) জেলার হরিপুর উপজেলার সরকারি মোসলেম উদ্দিন কলেজ ও রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
সভায় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। গত ৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ৩১ মার্চ পর্যন্ত তা চলবে। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, নিয়োগকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি বা প্রতারক চক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করতে পারে। এ ধরনের দালালদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, যদি কেউ নিয়োগের নামে অর্থ লেনদেনের চেষ্টা করে বা প্রতারণার আশ্রয় নেয়, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে। এমন তথ্য পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0