ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঈদ পরবর্তী সময়ে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) রাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ সরকার এবং সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন। উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সভায় নেতারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন। বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনের কার্যক্রম বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।