সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এ সময় ১৮৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৯ লাখ ৩২ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় শহরের অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, অভিভাবক মো. শাহ আলম এবং মো. গোলজার হোসেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে কল্যাণ ট্রাস্টের শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।