এলাকাবাসীর সঙ্গে ইফতার করলেন লায়ন আসলাম চৌধুরী
এম জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এবং চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বিএনপি নেতা আসলাম চৌধুরী এলাকাবাসীর সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (৬ মার্চ) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেটস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি যোগ দেন। এতে স্থানীয় মুসল্লি, এলাকাবাসী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে অবস্থিত তাদের পারিবারিক কবরস্থানে গিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন তিনি।
ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আসলাম চৌধুরী বলেন,
“এমপি হিসেবে নয়, এলাকার সন্তান হিসেবে প্রতিবছরের মতো এবারও আপনাদের সঙ্গে ইফতারে শরিক হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই সুখে-দুঃখে অতীতের মতো আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “সংযমের মাস হিসেবে রমজানের আদর্শ বুকে ধারণ করে ইবাদত-বন্দেগি ও ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখুন। ইসলামের সম্প্রীতি ও সহাবস্থানের নীতি মেনে জীবনযাপন করলে মানবজীবনে কোনো অশান্তি থাকবে না—ইনশাআল্লাহ।”
স্টেশন ফকিরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর সেলিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, বদিউল আলম বদরুল, আনোয়ার চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, কামাল উদ্দিন, জাহেদুল হাছান, এ এস এম সায়েম, মামুন ইদ্রিস প্রমুখ।