নওগাঁর বদলগাছীতে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বদলগাছী উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বেলা ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব পলাশ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জনাব সাবাব ফারহান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
App „Eye News BD“
Bemerkungen 0