আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির প্রথম দিনেই চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুরউদ্দিন তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
একই দিনে সারা দেশের বিভিন্ন আসনের মোট ৫১ জন প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং তিনজনের বিষয়ে সিদ্ধান্ত এখনও অপেক্ষমাণ রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে চার নির্বাচন কমিশনার অংশ নেন। প্রথম দিনে নির্ধারিত ৭০টি আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়।
শুনানিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নানা কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী এস কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে মামলা ও পলাতক থাকার অভিযোগ বিবেচনায় নেওয়া হয়।
আপিল মঞ্জুর হওয়ায় যাদের প্রার্থিতা ফিরে এসেছে তাদের মধ্যে রয়েছেন—
রংপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাসার, শরীয়তপুর-১ আসনের মোহাম্মদ গোলাম মোস্তফা (স্বতন্ত্র), শরীয়তপুর-৩ আসনে জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান, নরসিংদী-১ আসনে জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মো. ছালাউদ্দিন খোকা, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, গাজীপুর-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রুহুল আমীন, চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মু. খুরশিদ আলম, রাজশাহী-৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আলতাফ হোসেন মোল্লা, কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের বড়ুয়া মনোজিত ধীমন, লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সামা মো. রেদওয়ানুল হক, ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন, ঢাকা-৯ আসনে তাসনিম জারা, চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুরসহ বিভিন্ন আসনের প্রার্থীরা।
যাদের আবেদন নামঞ্জুর করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুল ইসলাম, বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবর রহমান শামীম, রংপুর-১ আসনে জাতীয় পার্টির মো. মঞ্জুম আলী, গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রনী মোল্লা, ঢাকা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন, খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস, ঢাকা-৩ আসনে জাতীয় পার্টির মো. ফারুক, নাটোর-১ আসনে খেলাফত মজলিসের মো. আজাবুল হক, নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জল মোল্যা, পাবনা-৩ আসনে গণঅধিকার পরিষদের মো. হাসানুল ইসলামসহ একাধিক প্রার্থী।
এদিকে মুন্সিগঞ্জ-৩, যশোর-৫ ও পটুয়াখালী-৩ আসনের তিন স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও অপেক্ষমাণ রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী দিনগুলোতেও আপিল শুনানি চলবে এবং ধাপে ধাপে সব আবেদনের নিষ্পত্তি করা হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentari 0