মাটিবাহী ট্রলির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল তরুণ প্রাণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাটিবাহী ট্রলির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল তরুণ প্রাণ..

MD.REJOAN ULLAH avatar   
MD.REJOAN ULLAH
মাটিবাহী ট্রলির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল তরুণ প্রাণ..
মাটিবাহী ট্রলির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল তরুণ প্রাণ..
ছবি: সংগৃহীত
রেজওয়ান উল্লাহঃ

আরও একটি সকাল কলারোয়ার মানুষের বুকে বয়ে আনলো হাহাকার। প্রতিদিনের মতো বইখাতা হাতে কলেজে যাওয়ার পথে এক ভয়াল মাটিবাহী ট্রলির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল তরুণ একটি প্রাণ। অবাধ, অনিয়ন্ত্রিত ও অবৈধ মাটিবাহী গাড়ির বলি হলো কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সুরাইয়া খাতুন। 

বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ক্ষোভের সঙ্গে বলেন, আমি কখনোই চাই না কারও রিজিক বন্ধ হোক। কিন্তু সেই রিজিক যদি অন্যের সন্তানের প্রাণ কেড়ে নেয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ যদি প্রশাসনের সন্তানের এমন মৃত্যু হতো, তাহলে কি এসব অবৈধ মাটিবাহী গাড়ি বন্ধ থাকত না?।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীন হোসেন জানান, লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সুশীল নাগরিকদের অভিযোগ, কলারোয়া উপজেলায় মাটিবাহী ড্রাম ট্রাক, ট্রাক্টর ও ট্রলি কোনো নির্দিষ্ট সময় ছাড়াই সকাল-বিকাল-রাত অবাধে চলাচল করছে। শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছেন।

একজন সুশীল নাগরিক বলেন, সাধারণ মানুষের প্রয়োজনে মাটি পরিবহন হলে নির্দিষ্ট সময় থাকা দরকার। কিন্তু এখানে কোনো নিয়ম নেই, নজরদারি নেই। আইন অমান্যে জেল-জরিমানার দৃষ্টান্ত থাকলে এমন মৃত্যু কমে আসতো।

সুরাইয়ার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে নিঃশেষ শোক। কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের এলাকা। একই সঙ্গে সাধারণ মানুষের মনে জেগে উঠেছে আতঙ্ক। আজ সুরাইয়া, কাল কে? আর কত শিক্ষার্থীর প্রাণ গেলে প্রশাসন কঠোর হবে? অবৈধ মাটিবাহী গাড়ির দাপট বন্ধ হবে কবে? নিরাপদ সড়ক নিশ্চিত করার দায়িত্ব কার? একটি প্রাণ চলে গেছে। এখন সময় শুধুই শোকের নয়, সিদ্ধান্তের।

Aucun commentaire trouvé


News Card Generator