দিনাজপুরে ডিজিটাল মিটার ও ডিজিটাল ডিমান্ড চার্জ বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে স্থানীয় যুব সমাজ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে চলা এ কর্মসূচির কারণে দশমাইল মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল ১০টা থেকে ‘দিনাজপুর যুব সমাজ’-এর ব্যানারে সুইহারী নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ–১ কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। দুপুরে তারা অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে রাস্তায় জোহরের নামাজ আদায় করেন।
দিনাজপুর যুব সমাজের আহ্বায়ক মো. মেশকাত আরেফিন সাকিল বলেন, প্রিপেইড মিটার বাতিল, পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতে অনিয়ম–দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। তিনি অভিযোগ করেন, প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য এটি ব্যবহার করা কষ্টকর এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে এসব মিটারের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী রুবেল হাওলাদার বলেন, প্রিপেইড মিটার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্থানীয় কার্যালয়ের নেই। বিষয়টি হেড অফিসে জানানো হবে।