ব্যবসা-বান্ধব পরিবেশ ও শিল্পায়নে সিরাজগঞ্জ হবে রোল মডেল: ইকবাল হাসান টুকু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্যবসা-বান্ধব পরিবেশ ও শিল্পায়নে সিরাজগঞ্জ হবে রোল মডেল: ইকবাল হাসান টুকু..

Juwel Hossain avatar   
Juwel Hossain
ব্যবসা-বান্ধব পরিবেশ ও শিল্পায়নে সিরাজগঞ্জ হবে রোল মডেল: ইকবাল হাসান টুকু..
ব্যবসা-বান্ধব পরিবেশ ও শিল্পায়নে সিরাজগঞ্জ হবে রোল মডেল: ইকবাল হাসান টুকু..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪১তম বার্ষিক সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৭ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত সাইদুর রহমান বাচ্চু।

দীর্ঘদিন পর নিজ জন্মমাটির ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "সিরাজগঞ্জ সবসময়ই ব্যবসা-বাণিজ্যের জন্য উর্বর ভূমি। কিন্তু গত দেড় দশকে রাজনৈতিক প্রতিহিংসা ও সিন্ডিকেট ব্যবসার কারণে এই জেলার সাধারণ ব্যবসায়ীরা চরমভাবে বঞ্চিত হয়েছেন। আমরা এমন একটি সিরাজগঞ্জ গড়তে চাই, যেখানে কোনো পেশিশক্তি বা চাঁদাবাজির স্থান থাকবে না। ব্যবসায়ীরা নির্ভয়ে বিনিয়োগ করবেন এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।"

তিনি আরও বলেন, "সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক ও যমুনা নদীর তীরবর্তী অর্থনৈতিক অঞ্চলগুলোকে সচল করতে পারলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এই জেলা হবে শিল্পায়নের রোল মডেল। রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"

সভাপতির বক্তব্যে নব-নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, "ব্যবসায়ীরা হচ্ছে দেশের অর্থনীতির চালিকাশক্তি। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এখন থেকে কোনো গোষ্ঠী বা দলের স্বার্থে নয়, বরং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে। আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তা এবং আধুনিক বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।"

তিনি আরও যোগ করেন, "দলীয় ও ব্যক্তিগতভাবে আমি যেমন জনগণের পাশে থাকার চেষ্টা করেছি যার কারণে আপনারা আমাকে “জনতার মেয়র” হিসেবে ডাকেন, ঠিক তেমনি চেম্বারের প্রেসিডেন্ট হিসেবেও আমি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন থাকব। আমরা সিরাজগঞ্জকে একটি সন্ত্রাসমুক্ত ও বিনিয়োগ-বান্ধব স্মার্ট বাণিজ্যিক শহর হিসেবে গড়ে তুলতে চাই।"

বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপির শীর্ষস্থানীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর এমন প্রাণবন্ত আয়োজনে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator