বিশেষ প্রতিবেদন |
রাষ্ট্রীয় শোকের আবহে রাজধানী ঢাকায় হলো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমা হাদির জানাজা।গত শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পরিণত হয় মানুষের উত্তাল স্রোতে। স্মরণকালের বৃহত্তম এ জানাজায় নানা শ্রেণি-পেশা ও দল-মতের কয়েক লাখ মানুষ অংশ নিয়ে অশ্রুসিক্ত বিদায় জানান এই তরুণ নেতাকে।
সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ভিড় জমতে থাকে। দুপুরের মধ্যেই সংসদ চত্বর ছাড়িয়ে মানিক মিয়া এভিনিউ, ধানমণ্ডি, ফার্মগেট, খামারবাড়ি, বিজয় সরণিসহ আশপাশের প্রধান সড়কগুলোতে জনসমুদ্রে রূপ নেয় পুরো এলাকা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে।
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা-
দুপুরের দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয় আনুষ্ঠানিকতা। জানাজার আগে শহীদ শরীফ ওসমান হাদির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এরপর বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সবশেষে আবেগঘন বক্তব্য রাখেন শহীদ হাদির বড় ভাই অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। তার বক্তব্য চলাকালে জানাজায় অংশ নেওয়া অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়েন।
পরে অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। জানাজায় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার প্রথম সারিতে অংশ নেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানরাও জানাজায় অংশ নেন।
কঠোর নিরাপত্তা, তবুও বাঁধ ভাঙ্গা জনস্রোত-
জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শুরুতে তল্লাশির মাধ্যমে মানুষ প্রবেশ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম এতটাই বেড়ে যায় যে নিরাপত্তা বলয় ভেঙে পড়ে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে আর তল্লাশি চালানো সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে জনতা সংসদ চত্বরে প্রবেশ করতে থাকে।
জানাজা শেষে জনতার একটি অংশ সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিবৃত্ত করে। জানাজা ফেরত মানুষের ঢলে সংসদ ভবন ও আশপাশের সড়কে দীর্ঘ সময় যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন,
জানাজা শেষে শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় মসজিদ এলাকায় মরদেহ পৌঁছালে সেখানে উপস্থিত সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা আবারও কান্নায় ভেঙে পড়েন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি কমপ্লেক্সে তাকে দাফন করা হয়।
দাফন শেষে বিকাল ৪টার দিকে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শহীদ হাদির বড় ভাই অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আল্লাহ যেন আমার ভাইয়ের শাহাদত কবুল করেন, তাকে শহীদের মর্যাদা দেন এবং তার সব গুনাহ মাফ করেন।”
হত্যাকাণ্ড ও দেশজুড়ে প্রতিক্রিয়া-
উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচন করতে আগ্রহী শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ ও সমাবেশ হয়। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও মহাসচিব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অন্তর্বর্তী সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানায়।
শেষকথা
শরীফ ওসমান হাদির জানাজা শুধু একটি শেষ বিদায় নয়—এটি পরিণত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক অভূতপূর্ব গণসমাবেশে। লাখো মানুষের উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে, তরুণ এই নেতার মৃত্যু দেশের রাজনীতি ও সমাজে গভীর ছাপ ফেলেছে। তার হত্যার বিচার ও ন্যায়বিচারের দাবিই এখন দেশজুড়ে মানুষের কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হচ্ছে।
ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিচে জেলাভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-
বরগুনা -
🕊️ বরগুনায় শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও শোক প্রকাশ 🕊️
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
এ উপলক্ষে বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ মনসাতলী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, চরপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও তালতলী কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও শোক সভার আয়োজন করা হয়।
প্রার্থনায় শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার সাহসী ভূমিকা ও গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। উপস্থিত ধর্মপ্রাণ মানুষ ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।
📌 শরীফ ওসমান হাদীর আদর্শ ও ত্যাগ সংগ্রামী মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নওগাঁ-
নওগাঁয় শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে শহরের নওজোয়ান মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।
জানাজায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর ইউএনও ইবনুল আবেদীনসহ বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও হেফাজত ইসলামের শীর্ষ নেতারা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্র মিলে হাদিকে হত্যা করেছে। কিন্তু এক হাদিকে শহীদ করে তারা ভুল করেছে, এখন প্রতিটি ঘরে ঘরে হাদি তৈরি হবে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, হাদি হত্যার রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক কাজ করছে। নওগাঁর শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
বগুড়া
বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতের শহর আমির আবিদুর রহমান সোহেল এবং ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। তার এই আত্মত্যাগ আগামীর তরুণ প্রজন্মকে ন্যায়ের পথে চলতে চিরকাল অনুপ্রাণিত করবে।
মাদারীপুর
রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ম্লান করতে আবারও সন্ত্রাসবাদের পথ বেছে নিয়েছে ফ্যাসিবাদী চক্র। হত্যার জবাব রাজপথেই দেওয়া হবে। তারা শহীদ হাদির আদর্শে একটি বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
কুষ্টিয়া
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু এবং জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বলেন, হাদি ছিলেন বাংলাদেশের একজন প্রকৃত সন্তান। অল্প বয়সেই তার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞা অনেক প্রবীণ রাজনীতিবিদকেও হার মানিয়েছিল। তার আদর্শ ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কক্সবাজার
পর্যটন নগরী কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেলে ‘ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চ’-এর আয়োজনে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ।
জানাজায় সাবেক মেয়র সরওয়ার কামাল, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন হাদি শহীদ হলেও এখন লাখো হাদি আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া উখিয়া ও কোটবাজারসহ জেলার বিভিন্ন স্থানে জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে বিকেলে অনুষ্ঠিত শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজায় মানুষের ঢল নামে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ এতে অংশ নেন। জানাজায় ইমামতি করেন কাজী শহীদুল ইসলাম।
শিক্ষার্থীরা বলেন, ওসমান হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অকুতোভয় সাহস দেখিয়ে গেছেন, তা তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-জনতা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চাকসুর উদ্যোগে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে ইমামতি করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের।
জানাজা-পূর্ব সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক আবেগাপ্লুত হয়ে বলেন, ওসমান হাদি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়ননীতির ওপর চলতে হয়। আমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ যেন এই অকুতোভয় তরুণদের বাঁচিয়ে রাখেন।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, মাত্র ৩২ বছর বয়সে হাদি পুরো ভারতীয় আধিপত্যবাদকে কাঁপিয়ে দিয়েছেন। তার দেশপ্রেম ইতিহাসে অম্লান থাকবে।
সিলেট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শনিবার সিলেটে পৃথক স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরের কোর্ট পয়েন্টে জুলাই যোদ্ধা সংসদ এবং বিকেলে সরকারি আলিয়া মাদরাসা মাঠে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এসব জানাজা সম্পন্ন হয়।
কোর্ট পয়েন্টের জানাজায় অংশ নিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, একজন হাদিকে হত্যা করে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে না, বরং এর মধ্য দিয়ে লক্ষ হাদির জন্ম হবে। তিনি এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন এবং সবাইকে আইন নিজের হাতে না তুলে নিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি ও ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। বক্তারা শহীদ হাদিকে এক অকুতোভয় আধিপত্যবাদবিরোধী নেতা হিসেবে অভিহিত করেন।
এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলাতেও হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
রংপুর
বিভাগীয় নগরী রংপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে সর্বস্তরের বিপ্লবী ছাত্র-জনতা’র উদ্যোগে এই জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান হাদি (ডিসির মোড়) চত্বরে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিক্ষোভকারীরা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ব্যর্থতার দায়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা বলেন, শহীদ হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। তাকে হত্যার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে, যা কখনো সফল হবে না।
জানাজা ও মিছিলে গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ঐক্য প্ল্যাটফর্মসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বাদ আসর রংপুর জেলা মডেল মসজিদে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছে। শনিবার দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশগ্রহণের মাধ্যমে এই বীর যোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।