গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতী আবু বকর সিদ্দীক আগামী নির্বাচনে বিজয়ী হলে একটি নিরাপদ, সমৃদ্ধ ও আধুনিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি জনগণের উদ্দেশে দেওয়া এক দীর্ঘ বার্তায় এলাকার উন্নয়ন ও শান্তির যে রূপরেখা তুলে ধরেছেন, তা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তিনি বলেন, গলাচিপা–দশমিনাকে এমন একটি এলাকায় রূপান্তর করা হবে যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য থাকবে। দলমত–ধর্মবর্ণ নির্বিশেষে কেউ ভিন্নভাবে আচরণের শিকার হবে না। নারীর ইজ্জত, আব্রুর নিরাপত্তা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচিত হলে নিজের দলের কর্মীদের বিশেষ সুবিধা না দেওয়ার অবস্থানও স্পষ্ট করে তিনি জানান যে, রাজনীতিতে বৈষম্য, প্রতিহিংসা কিংবা দমন-পীড়নের কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, অন্যান্য দল ক্ষমতায় গেলে প্রতিপক্ষকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার জন্য শান্তি ও নিরাপত্তার রাজনীতি চায়। তার দাবি—“আমরা নির্বাচিত হলে কেউ আর পালিয়ে বেড়াতে হবে না, সবাই নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ।”
আবু বকর সিদ্দীক একটি সমৃদ্ধ ভবিষ্যতের চিত্রও তুলে ধরেন তার বক্তব্যে। তিনি জানান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও প্রযুক্তিকে কেন্দ্র করে পুরো অঞ্চলকে একটি মডেল এলাকায় পরিণত করা হবে। তরুণ-তরুণীদের দক্ষতা বাড়াতে কারিগরি ও আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা কর্মক্ষম মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। নারীদেরসহ সব বয়সী মানুষের জন্য ছোট-বড় উদ্যোক্তা সহায়তা প্রকল্প চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও চিকিৎসাবঞ্চনার কথা তুলে ধরে তিনি সেখানে আধুনিক মানের হাসপাতাল নির্মাণ ও সরকারি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ, মাদরাসা, মন্দির—সবগুলোই সমানভাবে উন্নয়ন সহায়তার আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
উন্নত যোগাযোগব্যবস্থা ও আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশের মতো পরিকল্পিত নগরায়ণ করা হবে গলাচিপা–দশমিনায়। খেলার মাঠ, পার্ক, শপিং মল থেকে শুরু করে আইনি সহায়তা পাওয়ার দ্রুত ব্যবস্থা—সবই করা হবে ধাপে ধাপে। চরাঞ্চলের হাজারো মানুষের দুর্ভোগ কমাতে ফেরি সার্ভিস ও রিভার অ্যাম্বুলেন্স চালুর কথাও ঘোষণা করেন তিনি।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে আবু বকর সিদ্দীক বলেন, ভোট হতে হবে সাহসী ও সচেতন সিদ্ধান্ত। প্রভাব, প্রলোভন কিংবা ভয়কে উপেক্ষা করে নিজের পরিবার, সন্তানদের ভবিষ্যৎ এবং এলাকার সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।
তার দাবি—ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের রাজনীতি করে; তাই গলাচিপা–দশমিনার জনগণের রায় পেলে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত ভবিষ্যৎ উপহার দিতে সক্ষম হবেন।
تطبيق «Eye News BD»
تعليقات 0