ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ার পর রায়হান উদ্দীন এখন এক নতুন বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তার পুরোনো একটি পোস্টে দেখা যায়, তিনি একসময় স্লোগান তুলেছিলেন—‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা’। অথচ, ঘটনার নাটকীয় মোড়, রায়হান নিজেই এখন শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচিত ডাকসু নেতা।
রায়হান উদ্দীনের দ্বৈত রাজনৈতিক পরিচয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এখন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ তিনি ফেসবুকে ওই বিতর্কিত পোস্টটি করেছিলেন। এরপর, চলতি বছরের ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে তার জয়লাভের পর তৎকালীন ঢাবি শাখা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসাইন তার শিবির সংশ্লিষ্টতা নিশ্চিত করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, রায়হান উদ্দীন দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) সঙ্গে যুক্ত ছিলেন। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভোল পাল্টে শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে ২০২০ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং রাদওয়ান মুজিব ববিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একাধিক পোস্ট ভাইরাল হয়েছে।
বিষয়টি সামনে এনে ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারি হামীম ফেসবুকে মন্তব্য করেছেন, “আমরা যখন ২০২০-এ হাসিনা বিরোধী রাজপথে, বর্তমান কথিত ডাকসু নেতা শিবির থেকে প্রার্থীতা করা রায়হান সাহেব তখন সংসদে! সেদিনের ফ্যাসিবাদ, আজ নাকি মজলুম!”
তবে এই অভিযোগের বিপরীতে রায়হান উদ্দীনের দাবি, তিনি ‘কালচারাল ফ্যাসিস্ট, শাহবাগী ও চাঁদাবাজদের’ বিরুদ্ধে কথা বলা শুরু করায় একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে নোংরামি শুরু করেছে। তিনি আরও দাবি করেন, ২০২০ সালের পর রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার কারণে ২০২২ সালে তাকে হল থেকে নির্যাতন করে বের করে দেওয়া হয়। তিনি এসব বিষয় একাধিকবার স্পষ্ট করেছেন এবং এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। কিন্তু শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছেই।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0