পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে ট্রলারের মাঝি শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে র্যাব-৮ সিপিসি–১ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতার হওয়া সোহেল ফকির (৩৪) মহিপুর থানার সাজুরা গ্রামের মৃত আমজেদ আলী ফকিরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মূল মামলার তথ্য অনুযায়ী, নিহত শহিদুল ইসলাম মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন। চলতি বছরের ২৬ জুন, সহযোগী জেলে ইব্রাহিমের কাছে ২ হাজার ৪০০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে বিরোধ শুরু হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শহিদুলের ওপর হামলার পরিকল্পনা করে।
হত্যার দিন সকালে শহিদুল বাজরা আবাসন এলাকার বাসার সামনে কাজ করছিলেন। এসময় প্রধান আসামি সোহেল ফকির লোহার রড দিয়ে শহিদুলের মাথায় ধারাবাহিক আঘাত করেন। তার সহযোগীরাও এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শহিদুলকে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে মহিপুর থানায় মামলা করেন। এরপর থেকে সোহেল ফকির পলাতক ছিল।
গ্রেফতার অভিযানটি পরিচালনা করেন র্যাব-৮ সিপিসি–১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ। তিনি বলেন, “মাসের পর মাস পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে সোহেল ফকিরকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।