কেরাণীগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়ীর গ্রেফতার দাবি করেছেন পরিবার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরাণীগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়ীর গ্রেফতার দাবি করেছেন পরিবার..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরাণীগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়ীর গ্রেফতার দাবি করেছেন পরিবার..
কেরাণীগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়ীর গ্রেফতার দাবি করেছেন পরিবার..
ছবি: সংগৃহীত
মৃত সিফার মা দীপা জানান, ২০২২ সালে পারিবারিক অমতে প্রেমের সম্পর্কের জেরে শাক্তা ইউনিয়নের কুলচর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে জাহিদুলকে বিয়ে করেন তার মেয়ে।..

 

 

ঢাকার কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়পড়ুয়া গৃহবধূ সাদিয়া আক্তার সিফা (২১) মৃত্যুর ঘটনায় তার পরিবার স্বামী জাহিদুল ইসলাম ও শাশুড়ী জাহানারা বেগমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ এনে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিফার পরিবারের সদস্যরা।

মৃত সিফার মা দীপা জানান, ২০২২ সালে পারিবারিক অমতে প্রেমের সম্পর্কের জেরে শাক্তা ইউনিয়নের কুলচর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে জাহিদুলকে বিয়ে করেন তার মেয়ে। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ীর পক্ষ থেকে যৌতুক, দামী উপহার ও বিভিন্ন অযৌক্তিক দাবির চাপ ও মানসিক-শারীরিক নির্যাতনের শিকার হতেন সিফা।

তিনি জানান, গত ৩১ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির পর স্বামী-শাশুড়ী দু’জন মিলে সিফাকে মারধর করে এবং প্রতিবেশীদের সামনে অপমান করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর রাত ১০টা ৩ মিনিটে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার পর সিফা মায়ের বাড়ির ডাইনিং রুমে গিয়ে দরজা বন্ধ করে ফাঁস নেন।

পরিবার ও স্থানীয়রা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিফার মা দাবি করেন, “স্বামী-শাশুড়ীর অব্যাহত নির্যাতন আর চাপের কারণেই আমার মেয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মেয়ের ডায়রিতেও তার কষ্টের উল্লেখ আছে। আমরা দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার বিষয়ে জাহিদুলের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তবে তার কয়েকজন আত্মীয় জানান, তারা বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, “একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভিকটিমের কাছে কোনো চিরকুট পাওয়া গেলে সেটিও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator