দেশের নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন এবং জনগণের প্রকৃত মতামত যাচাইয়ের একমাত্র উপায় হিসেবে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি দেশের সাম্প্রতিক নির্বাচনগুলোর তীব্র সমালোচনা করে বলেন, ২০১৪ সালের নির্বাচন ছিল 'বিনা ভোটের নির্বাচন', ২০১৮ সালে 'রাতেই ভোট হয়ে গেছে', আর সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনকে তিনি বর্ণনা করেন এক হতাশাজনক চিত্র হিসেবে—যেখানে ভোটকেন্দ্রে মানুষের বদলে 'মাঠে কুত্তা শুয়ে ছিল'। এই 'কুত্তা শুয়ে থাকার নির্বাচন' আর কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, গণভোট আয়োজন করা হলে তা দেশের জন্য কোনো ক্ষতি নয়, বরং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। যারা গণভোটের বিপক্ষে অবস্থান নেবে, তারা প্রকারান্তরে জনগণের মঙ্গলের বিপক্ষে দাঁড়াচ্ছে। তিনি স্পষ্ট করে দেন যে, জাতীয় নির্বাচন কোন পথে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত অবশ্যই গণভোটের মাধ্যমেই নিতে হবে।
অধ্যাপক মুজিবুর রহমান এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়ে বলেন, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিন বা পরে গণভোটের রায় কোনো কাজে আসবে না। তাঁর মতে, এটিই একমাত্র প্রক্রিয়া যা জনগণের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে পারে।
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণভিত্তিক রাজনীতি করার আহ্বান জানান তিনি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫৪ বছরে ক্ষমতায় আসা কোনো সরকারই জনগণের সার্বিক মঙ্গল নিশ্চিত করতে পারেনি, বরং ব্যক্তিস্বার্থ ও দুর্নীতির মাধ্যমে তারা আখিরাতের কল্যাণকে বিসর্জন দিয়েছে। তিনি বদর ও উহুদের যুদ্ধের উদাহরণ টেনে ইসলামের জন্য আরেকটি 'যুদ্ধ বাকি আছে' বলে কর্মীদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0