সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক..
সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক..
ছবি: সংগৃহীত
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, ভুয়া কাগজপত্র ইস্যুতে স্থানীয়ভাবে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।..

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে এসে রিয়াজুল মোস্তফা (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আটক রোহিঙ্গা যুবকের বাড়ি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট আবেদন করতে আসে ওই যুবক। তার আচরণ সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে প্রথমে এড়িয়ে গেলেও পরে স্বীকার করে যে তার প্রকৃত নাম রিয়াজুল মোস্তফা এবং সে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম বলেন, “উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত জন্ম নিবন্ধন দেখিয়ে তিনি পাসপোর্ট করতে আসেন। তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে যাচাই-বাছাই করা হয়। পরে তিনি নিজেই রোহিঙ্গা হওয়ার কথা স্বীকার করেন।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গারা যাতে বাংলাদেশি নাগরিক পরিচয়ে কোনোভাবেই পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। নথিপত্র যাচাই-বাছাই আরও কঠোর করা হয়েছে।”

এরপর বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানান, “আটক ব্যক্তির নাম রিয়াজুল মোস্তফা। তিনি কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে পালিয়ে এসে পাসপোর্ট করার চেষ্টা করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।”

পুলিশ বলছে, রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট গ্রহণের চেষ্টা ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ভুয়া জন্মনিবন্ধন বা সুপারিশপত্র ইস্যু করার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, ভুয়া কাগজপত্র ইস্যুতে স্থানীয়ভাবে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

পাসপোর্ট অফিস ও পুলিশ প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গাদের পাসপোর্ট গ্রহণের যেকোনো চেষ্টা রোধে যৌথভাবে মনিটরিং আরও জোরদার করা হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator