ডাবল লীগভিত্তিক এ টুর্নামেন্টে/সিরিজে (১৮-২৯ নভেম্বর) ফাইনাল সহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। লীগ পর্বে পাকিস্তান ৩টি, শ্রীলংকা ২টি এবং জিম্বাবুয়ে ১টি ম্যাচে জয় পায়। গতকাল ফাইনাল ম্যাচে পাকিস্তান টসে জয়লাভ করে এবং তারা শ্রীলংকা দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
লঙ্কান টিম কাল ফাইনালের চাপ একদমই নিতে পারেনি। ফলে তারা মাত্র ১১৪ রান করতেই সবকটি উইকেট হারায় ১৯.১ ওভারে। দলের পক্ষে বাঁহাতি তরুণ ওপেনার কামিল মিশারা একাই যা কিছুটা লড়াই করেন। মিশারা ৫৯ রান করেন ৪৭ বল খেলে। তার ইনিংসে ছিল ৪টি ছয়।
স্বাগতিক বোলারদের মধ্যে শাহীন আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ উভয়ে ৩টি করে উইকেট নেন যথাক্রমে ১৮ ও ১৭ রানের বিনিময়ে। এছাড়া আবরার আহমেদ নেন ২টি উইকেট ১৮ রান দিয়ে।
পাকিস্তান দল ১১৫ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে ১৮.৪ ওভারে মোটামুটি সহজেই ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ৬ উইকেটের জয় পায়; একইসাথে (সিরিজের) ট্রফি নিজেদের করে নেয়। দলের হয়ে টি-২০ তে সাম্প্রতিক সময়ে কিছুটা অফ ফর্মে থাকা বাবর আযম সর্বোচ্চ ৩৭* রান করেন ৩৪ বল থেকে। এছাড়া সাইম আইউব করেন ৩৬ রান ৩৩ বলে। শ্রীলংকার পবন রত্নায়েকে ২টি উইকেট লাভ করেন ১১ রানের বিনিময়ে।
ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন পাক বাহিনীর মোহাম্মদ নাওয়াজ তার (৪-০-১৭-৩) বোলিংয়ের জন্য। আর "সিরিজ সেরা"-ও মনোনীত হন ঐ নাওয়াজ। তিনি ৫ ম্যাচে মাত্র ৫.৬১ ইকোনমিতে ১০ টি উইকেট নেন এবং (ব্যাট হাতে) ৩ ইনিংসে ব্যাটিং করে (৩২ বলে) ৫২ রান করেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো- মোহাম্মদ নাওয়াজ এ সিরিজে তার দলের প্রথম দুই ম্যাচ এবং ফাইনাল মিলিয়ে মোট ৩টি ম্যাচে 'সেরা প্লেয়ার' হওয়ার গৌরব অর্জন করেন!
[তথ্যঃ ক্রিকবাজ।]
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0