জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার আমতলীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত (বিএন,পি নং ৩৯৯৫) এর নেতৃত্বে নৌবাহিনীর ১১ সদস্যের একটি সেকশন এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৩জন সদস্য অংশগ্রহণ করেন।
চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে মোট ১১৮টি মোটরসাইকেল, সাতটি বাস, চারটি প্রাইভেটকার, ৭টি ট্রাক, ৯টি মাইক্রো, ৪টি সিএনজি ও ৫টি মাহিদ্রা গাড়ি তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সাতটি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারনে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় সংকেত দেওয়ায় ট্রাফিক পুলিশকে চাপা দিতে গিয়ে পড়ে যায় এক মোটরসাইকেল যুবক। তার বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটি জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।
অভিযান শেষে লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরো জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।