২৩৭টি আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছিলো বিএনপি। বাকি ৬৩ টিতে নানা বিবেচনায় প্রার্থী দেয়নি দলটি। প্রার্থী চূড়ান্ত করার পর যেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো, সেখানে কিছু কিছু আসনে জোট সঙ্গীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তবে ফাঁকা আসনগুলোর মধ্যে কতগুলো জোট সঙ্গীরা পাবেন, আর কতগুলো নিজ নেতাকর্মীদের ভাগ্যে জুটবে, তা এখনো নিশ্চিত হয়নি।
বলা হয় নির্বাচনের মাঠে ভোটের আগের রাতেও জোট হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু মার্কাটা গুরুত্বপূর্ণ, তাই বড় দলগুলো নির্বাচনের আগের রাতে প্রার্থী ঘোষণা করতেও ভয় পায় না। জনগণের আস্থা আছে বড় দলগুলোর প্রতি।
কিন্তু এবার এই হিসেব বোধহয় অতোটা মিলবে না। মাঠে যখন জামায়াতের নেতাকর্মীরা চষে বেড়াচ্ছে, তখন নির্বাচনকে একেবারে সামনে রেখে প্রার্থী ঘোষণার ঝুঁকি নিতে চায়নি বিএনপি। অথবা একটি চমৎকার নির্বাচনে সর্বোচ্চ ফলাফলের জন্য প্রতিদ্বন্দ্বিতার আশা রেখে অতীতের যেকোনো সময়ের তুলনায় কিছুটা আগেভাগেই প্রার্থী ঘোষণা করেছে।
জোট সমীকরণে আটকে আছে হবিগঞ্জ-১ আসনের ধানের শীষের কান্ডারীর ভাগ্য। আসনটিতে বিএনপি'র শক্ত প্রতিদ্বন্দী থাকলেও কোনো কোনো বিবেচনায় এখনো সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়ার নাম শোনা যাচ্ছে।
তিনি জোট থেকে লড়ছেন না, এটা নিশ্চিত। যোগ দিয়েছেন বিএনপিতে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তারমানে লড়তে চাইলে এই আসন থেকে তাকে লড়তে হবে বিএনপির প্রতীক নিয়ে। কিন্তু তিনি কারো ফোন ধরছেন না। ওই আসনের বিএনপি'র নেতাকর্মীরা দলীয় সম্ভাব্য প্রার্থী শাহ মোজাম্মেল নান্টুর নেতৃত্বে ঐক্যবদ্ধ। এদিক সেদিক ছোটাছুটি করার অভ্যাস যেসব নেতাদের আছে, তাদের কেউ কেউ রেজা কিবরিয়াকে গত দু'সপ্তাহ ধরে ফোন দিচ্ছেন। কিন্তু নেতাকর্মীরা হতাশ। তিনি কারও ফোন ধরছেন না।
আগামী নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন কিনা বা বিএনপি থেকে তাকে মনোনীত করা হবে কিনা তা জানতে চেয়ে অনেক সংবাদকর্মীও যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু তিনি কারো ফোন ধরেননি। সুতরাং যে দু'চারজন বিএনপি'র নেতা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে তারাও এখন হতাশ।
বিশেষত ২০২০ সালে গণধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব নেন রেজা কিবরিয়া। কিন্তু মাস কয়েক সরব থেকে হঠাৎ নিজেকে আড়াল করে নেন। পরবর্তীতে সংগঠনের বর্তমান সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে অভিযোগ তুলে শটকে পড়েন। তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল ওই সময়ে তৈরি হচ্ছিলো, সেটার পুরো সম্ভাবনা রেজা কিবরিয়ার কারণে নষ্ট হয়ে যায় বলে ওই সংগঠনের কোনো কোনো নেতা মনে করেন। এমন প্রেক্ষাপটে তিনি বিএনপি'র প্রতীক পেলে ভবিষ্যতে কেমন আচরণ করবেন, তা নিয়েও সন্দেহে বিএনপি নেতা কর্মীরা। কিছুটা অসন্তুষ্টি।
অন্যদিকে পুরো এলাকার চষে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপি'র সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। এলাকায় তার বিশেষ পরিচিতি আছে সজ্জন মানুষ হিসেবে। বিএনপির রাজনীতিতে সরব ছাত্র জীবন থেকে। সিলেট থেকে এসে আওয়ামী দুঃশাসনে ঢাকায় আন্দোলন ও দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। বেশ কয়েকবার পুলিশের আক্রমণের শিকার হন। সব সময়ই দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন এবং নেতা হিসেবে সবার সাথে মিশুক। তাই যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলাকার মানুষদের ভালোবাসা পেয়েছেন। বিশেষত বিএনপি'র দুটি উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা তাকে চাচ্ছেন। কিছুদিন প্রবাস জীবন কাটিয়ে আসার পর এলাকার মানুষজনের মনোভাব তার প্রতি আগের মতই থাকবে, এটা প্রত্যাশিত হলেও সবক্ষেত্রের সম্ভব হয় না। শাহ মোজাম্মেল নান্টুর ভাগ্য ভালো। হয়তো এটা তার আচরণের প্রতিফল। নেতাকর্মীরা তো খুব বেশি কিছু চায়না। সুন্দর ব্যবহার এবং বিপদে পাশে দাঁড়ানো। দুটিই নান্টুর আছে। এই দুইকে সম্বল করে নিয়মিত গণসংযোগে আছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সড়ক প্রতিষ্ঠাকারী এই নেতা।
প্রবাসে শুধু জিয়াউর রহমানের নাম ফলক উদ্বোধন করেই সীমাবদ্ধ থাকেননি। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা নিয়ে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্রে বিএনপি'র সাংগঠনিক কর্মকান্ডে নতুন শক্তি যুগিয়েছেন। ফলে ২০১৬ সালের বিএনপি'র জাতীয় কাউন্সিলে যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেটস এনে অংশ নিয়েছিলেন। যুক্তরাজ্যের পরে প্রবাসী বিএনপি নেতাদের সবচেয়ে জোড়ালো অবস্থান যুক্তরাষ্ট্রে। এর পিছনেও শাহ মোজাম্মেল নান্টুর ভূমিকা আছে।
শাহ মোজাম্মেল নান্টুর আরও একটি ভালো দিক আছে। সেটি হলো তিনি এখনো কোনো ধরণের বিতর্কে জড়াননি। এলাকায় মানুষের কাছে ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অন্যদিকে বক্তব্য শালীন এবং জনবান্ধব। সময় যখন কিছুটা পরীক্ষার তখন এমন প্রার্থী বিএনপিকে কিছুটা নিরাপদে থাকার সুযোগ দিতে পারে বলে মনে করেন স্থানীয় প্রবীণ রাজনীতিবিদরা। মোজাম্মেল নান্টুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে ভোট কাটা কঠিন। কারণ ভোট কেটে নেয়া যায়, এমন কোনো কাজ তিনি এখনো করেননি। এদিক থেকে দল আসন নিশ্চিত করতে চাইলে তার কথা ভাবতেই পারে। বিষয়টি এখন দলীয় সর্বোচ্চ সিদ্ধান্তের বিষয়ে বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
তবে রাজনীতির মাঠে রাজনীতিটাই বড় কথা। দীর্ঘদিনের সঙ্গী জামাত যখন পুরোপুরি কৌশলী অবস্থানে, তখন দলের বাইরের মানুষদের কথা দলকে আলাদা গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। কিন্তু ড. রেজা কিবরিয়া এখনো এলাকায় যাননি। মানুষ ধানের শীষের প্রতীকে তাকে ভোট দিবে কিনা, সেটা ভাববার বিষয়। অন্যদিকে তিনি আদৌ বিএনপির সর্বোচ্চ মহলের বিবেচনায় আছে কিনা তা এখনো নিশ্চিত নয়।
এদিকে বিএনপি নেতা কর্মীরা একটি সিদ্ধান্ত চাচ্ছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার যে আনন্দ সেটা তারা নিতে চান। দীর্ঘ ষোলো বছর পর একটি প্রত্যাশিত নির্বাচনের দিকে বাংলাদেশ। এই চরম আনন্দঘন সময়টা দলের কর্মীদের চাওয়া দলীয় প্রার্থী। তাই তারা অপেক্ষায়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0