রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি মৃদু মাত্রার হলেও স্থানীয় মানুষের মধ্যে মুহূর্তেই উদ্বেগ–উৎকণ্ঠা তৈরি হয়।
তবে এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ২১ ও ২২ নভেম্বর তিন দফায় নরসিংদীতে ভূকম্পন অনুভূত হয়—যার উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল ও মাধবদী এলাকা। স্বল্পমাত্রার হলেও ধারাবাহিক ভূমিকম্পে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।
শহর ও উপজেলা অঞ্চলে বসবাসকারীরা জানান, বারবার কম্পনে ঘরবাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। বিশেষত পুরোনো ভবন ও অপরিকল্পিত স্থাপনা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
স্থানীয়দের দাবি, ভূকম্পনের ধারাবাহিকতায় দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, নিরাপত্তা পরীক্ষা ও জরুরি প্রস্তুতি জোরদার করা জরুরি।
জেলার সাধারণ মানুষের প্রত্যাশা—প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0