কুষ্টিয়ায় ডিসির সরকারি নম্বর হ্যাক: রাতের আঁধারে প্রতারণার বড় চক্র… | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় ডিসির সরকারি নম্বর হ্যাক: রাতের আঁধারে প্রতারণার বড় চক্র সক্রিয়

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর হ্যাক করে সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র।..
Eidok-এ শেয়ার
কুষ্টিয়ায় ডিসির সরকারি নম্বর হ্যাক: রাতের আঁধারে প্রতারণার বড় চক্র সক্রিয়
ছবি: সংগৃহীত

রোববার (১৬ নভেম্বর) রাত থেকে জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ফোনে একের পর এক মেসেজ পাঠানো হয়—“২৫ হাজার টাকা পাঠাবেন”—এমন নির্দেশমূলক বার্তা দিয়ে।

প্রথমে বিষয়টি টের পান দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমান। তাঁর ফোনে বার্তা আসার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। একই ধরনের মেসেজ পেয়েছেন আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্তসহ আরও অনেকে। কখনো হোয়াটসঅ্যাপে, কখনো এসএমএসে—প্রতারকরা বিভিন্ন নম্বরে বিকাশসহ অন্যান্য পেমেন্ট মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দিচ্ছে।

ঘটনাটি জানাজানি হতেই জেলা প্রশাসনে শুরু হয় তোলপাড়। কারণ এরই মধ্যে বদলি হওয়া কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন নতুন কর্মস্থল হবিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। ঠিক তাঁর বিদায়ের পরপরই সরকারি নম্বর ব্যবহার করে এই প্রতারণা শুরু হওয়ায় বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।

এরই মধ্যে কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজউকের পরিচালক ইকবাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ জানান, বিষয়টি জানামাত্রই জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। পুলিশ প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করেছে। কারা এই কাণ্ড ঘটিয়েছে এবং কোথা থেকে এটি পরিচালিত হচ্ছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় কুষ্টিয়ার সাধারন মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ, আস্থা ও সরকারি পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত ডিসির নম্বর হ্যাক হওয়ার ঘটনা গোটা জেলাকেই এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।

注释 0

没有找到评论