ক্ষমতার দাপটমুক্ত নির্বাচনের আহ্বান সাকিব আনোয়ারের

সিরাজগঞ্জ-১ আসনে গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।..
Chia sẻ lên Eidok
ক্ষমতার দাপটমুক্ত নির্বাচনের আহ্বান সাকিব আনোয়ারের
Ảnh: tư liệu

সিরাজগঞ্জ-১ আসনে অনুষ্ঠিত হলো গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাকিব আনোয়ারের মোটর শোভাযাত্রা। শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত এ শোভাযাত্রা ছোনগাছা বাজার থেকে যাত্রা শুরু করে পিপুলবাড়িয়া, মেঘাই, সোনামুখি হয়ে পিপুলবাড়িয়া মোড়ে গিয়ে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে বিভিন্ন বয়সী মানুষ, স্থানীয় তরুণ-যুবক ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রার পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব আনোয়ার বলেন, “আমরা চাই ক্ষমতার দাপটমুক্ত নির্বাচন।” তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি জনগণের কাছে ভোট চাইবেন না; বরং জনগণ নিজের বিবেচনায় সঠিক প্রতিনিধিকে বেছে নিক—এটাই তার প্রত্যাশা।

তিনি বলেন, “জনগণ যদি মনে করেন আমাকে ভোট দিলে তাদের প্রকৃত প্রতিনিধি পাবে—তবেই তারা আমাকে ভোট দেবেন। আর যদি আমি তাদের আস্থাভাজন না হই, তাহলে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই।”

বিগত দশকের অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “৫৪ বছরে আমরা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা বারবার প্রতারিত হয়েছি। এবার মার্কা দেখে নয়, পরিবার দেখে নয়; বরং প্রার্থীর চরিত্র, যোগ্যতা ও যোগ্যতার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে।”

তার বক্তব্যে সাধারণ ভোটারদের প্রতি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

এ সময় সাকিব আনোয়ার স্থানীয় বিভিন্ন সমস্যা ও নাগরিক সংকটের কথাও তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, “এ এলাকার মানুষের যত সমস্যা আছে, তা সমাধান করতে চাইলে সমাধান করা সম্ভব। কিন্তু জনগণের জন্য যে বরাদ্দ আসে তা মানুষের হাতে পৌঁছানোর আগেই লুটপাট হয়ে যায়। সবার আগে এই জায়গাগুলো ঠিক করতে হবে।”

শোভাযাত্রা ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ প্রজন্মের আলোচিত এ প্রার্থীকে ঘিরে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছে। অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন—গণতন্ত্র মঞ্চের এ গণসংযোগ কর্মসূচি জনমানুষের প্রত্যাশা ও ক্ষোভের প্রতিফলন।

আগামী নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আর সাকিব আনোয়ারের মতো বিকল্প ধারার প্রার্থীদের কার্যক্রম নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করছে বলেও অনেকে মন্তব্য করছেন।

সিরাজগঞ্জের জনপদজুড়ে এমন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক শোভাযাত্রা স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি করেছে—এমন মতও পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy