বান্দরবান প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
বান্দরবানের সুয়ালক ইউনিয়নে সরকারি খাস খতিয়ানের পাহাড় কাটার দায়ে মো. রাসেল (২৯) নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের রায় অনুযায়ী, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)–এর ৬(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে। রায়টি দেন বান্দরবানের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন।
পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩শে নভেম্বর সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাইচতলী প্রান্তিক লেকের উত্তর পাশে পাহাড় কাটার ঘটনায় বান্দরবান সদর থানায় মামলা (নং ০৭/২৩-১১-২০২২) দায়ের করা হয়। অভিযুক্ত মো. রাসেল বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাগ্যকুল এলাকার বাসিন্দা এবং সাবেক মেম্বার আলী আকবরের ছেলে।
পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা
সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম
বলেন, আদালতের এই রায় পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে পাহাড় কাটার সাহস না পায়, এ রায় সে বার্তাই দিচ্ছে।
বান্দরবানে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড | আই নিউজ বিডি
বান্দরবানে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
ছবি: সংগৃহীত
Không có bình luận nào được tìm thấy