পটুয়াখালীর বাউফল উপজেলায় শিশুদের খেলাধুলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় এক রক্তাক্ত সংঘর্ষ। এতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর জখম হন। সেই মামলার মূল আসামি আল আমিন চৌকিদার (৩৫) কে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন থানা রোডের জমজম হোটেল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে র্যাব–৮ সিপিসি–১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান এবং ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি যৌথভাবে নেতৃত্ব দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেলে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে শিশুদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এই সংঘর্ষে আল আমিন চৌকিদারের নেতৃত্বে রেদায়েন ইসলাম (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় এলাকাবাসী রেদায়েনকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার্ড করেন।
আহত রেদায়েন ইসলাম নূর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর, আহত রেদায়েনের মা শাহানাজ পারভীন বাদী হয়ে চারজনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন আল আমিন চৌকিদার।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনার শুরু থেকেই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে যাচ্ছি। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত ছিল। অবশেষে র্যাব–৮ এর সহযোগিতায় আল আমিন চৌকিদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তির বাতাস বইছে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে ধরার পর স্থানীয়দের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা ফিরে এসেছে।
এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আলোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, শিশুদের খেলাধুলার মতো সামান্য ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংসতা সমাজে অস্থিরতা ও সহিংসতার এক ভয়াবহ চিত্র তুলে ধরে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Приложение «Eye News BD»
Комментарии 0