আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম।
সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। এতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ওপর আবারও আস্তা রেখেছে দলটি। প্রার্থীর নাম ঘোষণার পর থেকে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে বইছে আনন্দের বন্যা।
সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম দীর্ঘদিন ধরে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছেন। রাজনীতির মাঠে নিজামের অবস্থানও ছিল ভালো। তার উপর আখতারুজ্জামান চৌধুরী বাবু ও আতাউর রহমান খান কায়সারকে হারানোর অভিজ্ঞতা আছে নিজামের। আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোকাবেলায় নিজাম ছাড়া অন্য কেউ দুর্বল করতে পারেনি।
গুরুত্বপূর্ণ এই আসনে সরওয়ার জামাল নিজাম ১৯৯৬ সালে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান কায়সারকে হারান। এরপর ২০০১ সালের নির্বাচনে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বাবুকে। এবার রাজনীতির মাঠে সরব সাবেক এই সাংসদ। তাকে নিয়ে স্বপ্ন বুনছেন চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার অবহেলিত নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনোয়ারা-কর্ণফুলী আসনে আমার উপর আস্থা রেখেছেন। আমি এই আসনে দলের সবাইকে নিয়ে ধানের শীষের বিজয় উপহার দিতে চাই। কোন ধরনের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে নেতাকর্মীদের।'
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0