আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। সারাদেশে মোট ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ আসন জোটের জন্য সংরক্ষিত রাখাসহ কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
এই তালিকা ঘোষণার মধ্যে ঝালকাঠি-২ (নলছিটি ও ঝালকাঠি সদর আংশিক) আসনে সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী ও বিএনপি নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে হেভিওয়েট প্রার্থী ও জোটের প্রার্থীর বিষয়টি বিবেচনা করে আপাতত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
জনগণের ভালোবাসাকে পুঁজি করে লড়তে চান ইলেন ভুট্টো দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইসরাত সুলতানা ইলেন ভুট্টো গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলীয় উচ্চ নেতৃত্ব এবং মহান আল্লাহর দরবারে।
তিনি বলেন, "আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঝালকাঠি-২ আসনের মনোনয়ন পাওয়ায় আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি দলীয় উচ্চ নেতৃত্ব ও মহান আল্লাহর দরবারে।"
তিনি এই মনোনয়নকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখতে নারাজ। তাঁর মতে, "এই মনোনয়ন আমার ব্যক্তিগত অর্জন নয় — এটি ঝালকাঠি ও নলছিটির সাধারণ মানুষের বিশ্বাস, ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন।" তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, "দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি, তাদের কথা শুনেছি, তাদের সাথে কেঁদেছি, হেসেছি — আজ সেই সম্পর্কই আমাকে আবারও আপনাদের সেবার সুযোগ এনে দিয়েছে।"
ইলেন ভুট্টো তাঁর রাজনৈতিক দর্শন তুলে ধরে বলেন, "আমার রাজনীতি প্রতিহিংসার নয়, সেবার। আমি চাই, ঝালকাঠি-২ আসন হোক উন্নয়ন, ঐক্য ও গণমানুষের আস্থার প্রতীক।"
তিনি ঝালকাঠি-২ আসনের সর্বস্তরের মানুষের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন
"আজ আমি আবারও আহ্বান জানাচ্ছি — আসুন, দল-মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করি। আমাদের এই মাটি, এই মানুষ, এই ভবিষ্যৎ যেন আবারও আলোর পথে ফিরে আসে। যে ভালোবাসা আপনারা অতীতে দিয়েছেন, সেই বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আসুন ঐক্যবদ্ধ হই — ঝালকাঠি-২ আসনকে পরিবর্তনের প্রতীক বানাই।"
তিনি নিজেকে জনগণের একজন সাধারণ সেবক হিসেবে পরিচয় দিয়ে বলেন, "আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটাই পরিবার — আমি আপনাদেরই মানুষ, আপনাদের ভালোবাসায় গড়া একজন সাধারণ নারী, জনগণের সেবক।"
তিনি তাঁর বক্তব্যের উপসংহার টানেন এই বলে: “জনগণের ভালোবাসাই আমার আসল পরিচয়।”