সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে লড়বেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এদিকে কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
কুষ্টিয়ার রাজনীতিতে এই তালিকা নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ ঘোষণার পর থেকেই মাঠপাড়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
একই দিনে সারা দেশে মোট ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক তালিকা প্রকাশ করেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচন করবেন।
রাজধানী ঢাকায় কয়েকজন আলোচিত প্রার্থী মনোনয়ন পেয়েছেন—ঢাকা-৩-এ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-২-এ আমান উল্লাহ আমান, ঢাকা-৬-এ ইসরাক হোসেন, ঢাকা-৮-এ মির্জা আব্বাস, ঢাকা-১২-এ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪-এ সানজিদা ইসলাম তুলি এবং ঢাকা-১৬-এ আমিনুল হক। এছাড়া আলোচিত নেতাদের মধ্যে রয়েছেন—নরসিংদী-২-এ ড. আব্দুল মঈন খান, ফরিদপুর-২-এ শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩-এ নায়াব ইউসুফ আহমেদ, কুমিল্লা-১-এ ড. খন্দকার মোশাররফ হোসেন, ফেনী-৩-এ আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী-২-এ জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩-এ বরকত উল্লাহ বুলু, লক্ষ্মীপুর-৩-এ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। চট্টগ্রাম-১০-এ আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১-এ সালাহউদ্দিন আহমদ, কিশোরগঞ্জ-৪-এ ফজলুল রহমান, নেত্রকোনা-৪-এ লুৎফুজ্জামান বাবর, খুলনা-২-এ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩-এ রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৪-এ আজিজুল বারী হেলালকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র বলছে, বাকি আসনগুলোর বিষয়ে জোট সমন্বয় ও কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় রেখে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।
কুষ্টিয়ায় চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কুষ্টিয়ায় চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
ছবি: সংগৃহীত
Walang nakitang komento