বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনঃনির্বাচিত আমীর ডাক্তার শফিকুর রহমানকে মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
শনিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, “ডা. শফিকুর রহমান একজন যোগ্য, কর্মঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বের অধিকারী। তিনি ইসলামী আদর্শ, শিষ্টাচার ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে সমাজ ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের রাজনীতির এই সংকটকালীন সময়ে তার নেতৃত্ব ইসলামপন্থি রাজনীতিকে নতুন দিকনির্দেশনা দেবে বলে আমি আশা করি।”
তিনি বলেন, “বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি যে উদ্যমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই অনুকরণীয়। তার আন্তরিক প্রচেষ্টা ও ইসলামী চেতনার ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী দেশের মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে—এই প্রত্যাশা রাখি।”
পীর সাহেব চরমোনাই আরও বলেন, “দেশে ন্যায়, শান্তি ও নৈতিকতার সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর হুকুম ও রাসুল (স.)-এর আদর্শের ভিত্তিতে নেতৃত্বদান করতে তিনি যেন সফল হন, সেই দোয়া করি। আমি তার সুস্থতা, দীর্ঘায়ু ও নেতৃত্বের সাফল্য কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাকে শক্তি, ধৈর্য ও হেদায়েত দান করেন।”
এসময় তিনি ইসলামী ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশের ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হোক। ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় আমরা সবাই যেন একত্রে কাজ করতে পারি—এই কামনাই করছি।”
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ কাউন্সিল শেষে পুনরায় আমীর নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান। তিনি পূর্বেও সফলভাবে আমীরের দায়িত্ব পালন করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পৃক্ততা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
Application « Eye News BD »
commentaires 0