ঢাকা, ২ নভেম্বর ২০২৫, রবিবার
প্রেস বিজ্ঞপ্তি:
সরকারকে দলকেন্দ্রিক নীতি পরিহার করে জনস্বার্থে সিদ্ধান্ত নিতে হবে, তিন দলের যৌথ আলোচনা সভায় বক্তারা:-
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি ও আপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় “স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, গণভোট ও সংবিধান আদেশকে ঘিরে নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে তা জাতির জন্য অশুভ সংকেত। তারা বলেন, আস্থাহীনতার কারণে রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী ঐক্য প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সন্দেহ, কায়েমি স্বার্থ ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তই বর্তমান অচলাবস্থার মূল কারণ।
বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তে কিছু রাজনৈতিক দলের মন যুগিয়ে চলার নীতি গ্রহণ করেছে—যা গণতন্ত্র ও সংস্কার উভয়েরই পরিপন্থী। সভা থেকে সরকারকে এই নীতি পরিহারের আহ্বান জানানো হয়।
আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
প্রধান আলোচক ছিলেন সেয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ও বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ড. মুশতাক হোসেন খান।
সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) অধ্যাপক আব্দুল ওহাব মিনার, আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মো. হিজবুল্লাহ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া, এবং আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, ভয়েস অব রিফর্মের সংগঠক ফাহিম মাসরুর প্রমুখ।
প্রধান আলোচক ড. মুশতাক হোসেনের বক্তব্য
ড. মুশতাক বলেন, “আস্থার সংকটই বাংলাদেশের রাজনীতির মূল দুর্বলতা। জনগণের বিশ্বাস ফিরে না পেলে কোনো সংস্কারই টিকবে না।”
তিনি বলেন, “ক্ষমতা কুক্ষিগত করে রাখা ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতি চলছে—এটি বন্ধ না করলে নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “চোরদের সঙ্গে আপোষ নয়—এই নীতিই হতে হবে সংস্কার আন্দোলনের ভিত্তি। অপরাধের বিচার না হলে সমাজে নৈতিক ভিত্তি তৈরি হয় না।”
সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ুম
অ্যাড. হাসনাত কাইয়ুম বলেন, “বহু মতভেদ ও মতদ্বৈততা থাকা সত্ত্বেও রাষ্ট্রের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে এক হতে হবে।”
তিনি বলেন, “হাসিনা-ওবায়দুল কাদেররা সাংবিধানিক কাঠামোর ভেতর ফ্যাসিস্ট ধারা স্থাপন করেছে। তাই পুরনো কাঠামোয় সংস্কার সম্ভব নয়; নতুন বন্দোবস্তের জন্য সাহসী পদক্ষেপ নিতে হবে।”
মজিবুর রহমান মঞ্জুর বক্তব্য
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “সরকার জনগণের পরিবর্তে কয়েকটি রাজনৈতিক দলের মন রক্ষা করে চলছে, যা ফ্যাসিবাদেরই আরেক রূপ।”
তিনি বলেন, “জনগণের জন্য যা ভালো সেটাই করতে হবে, কোন দলের স্বার্থে নয়। দায়িত্ব নেওয়ার নামে ক্ষমতা ভোগের সংস্কৃতি আমাদের রাজনীতিকে কলুষিত করেছে।”
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “ভোটকেন্দ্র দখল ও ক্ষমতা ভোগের রাজনীতি জনগণকে আবার হতাশ করছে। জনগণকে বাদ দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়।”
তিনি গণভোটে দুটি ব্যালট রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং জনগণকে সঙ্গে নিয়ে সংস্কারের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানান।
জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল নতুন সমাজব্যবস্থা গড়ে উঠবে, কিন্তু পুরনো রাজনৈতিক মানসিকতা সেই সম্ভাবনা ধ্বংস করেছে।”
আরেফিন মো. হিজবুল্লাহ বলেন, “ফ্যাসিবাদ নির্মূল করতে শেখ মুজিবের প্রতীককে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।”
দিদার ভুঁইয়া বলেন, “বিপ্লবীদের চরিত্রে বিলাসিতা আসা মানেই আন্দোলনের মৃত্যু। উচ্চকক্ষ সংস্কারে বিএনপি নিজের ক্ষতি করছে।”
আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন-"শুনতে পাচ্ছি, নয়া দূর্নীতিবাজ এনসিপি
পুরাতন দূর্নীতিবাজ বিএনপির সাথে জোট গড়বে। আমরা ঐক্যবদ্ধ হতে পারলে আগামী নির্বাচন হবে দূর্নীতিবাজ বনাম দূর্নীতিবাজ বিরোধী ব্যালটের লড়াই। সেই দিকে আমাদের আগাতে হবে।"
আস্থার সংকট ও দলীয় স্বার্থ পরিহার না করলে রাজনৈতিক ঐক্য ও সংস্কার দুটোই অসম্ভব।”
সভা শেষে তিন দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় “সংস্কার, ঐক্য ও জনআস্থার নতুন রাজনীতি গড়তে তিন দল যৌথভাবে পথ চলবে।”
#আপবাংলাদেশ #UPBangladesh
تطبيق «Eye News BD»
تعليقات 0