নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় দায়িত্ব পালন করতে এসে মাত্র এক বছরেই নিজেকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে বন্দরের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
যোগদানের পর থেকেই তিনি বন্দর উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জননিরাপত্তা খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখছেন। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, এবং অপরাধ দমনেও তাঁর ভূমিকা প্রশংসনীয়।
ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য ও স্থানীয় শিক্ষকরা বলেন, মো. মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে বন্দরে একটি দৃশ্যমান পরিবর্তন এসেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ ও জনদুর্ভোগ কমাতে তিনি মাঠপর্যায়ে কাজ করছেন। মদনগঞ্জ-মদনপুর সড়কের সংস্কার কাজে তাঁর উদ্যোগে দ্রুত বরাদ্দ নিশ্চিত হয়, যা স্থানীয়দের যাতায়াতে স্বস্তি এনে দিয়েছে।
তাছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে প্রশাসনের দায়িত্ব কেবল দপ্তরে বসে নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাই প্রকৃত সেবা।
বর্ষপূর্তিতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারি দায়িত্ব পালনকালে সবসময়ই চেষ্টা করেছি মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিতে। যখন বন্দরে যোগদান করি, তখন সময়টা ছিল চ্যালেঞ্জিং। তবুও চেষ্টা করেছি মানুষকে নিরাপদ রাখতে এবং প্রতিটি কাজে তাদের পাশে থাকতে। হয়তো শতভাগ সেবা দিতে পারিনি, কিন্তু সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষ সবাই সহযোগিতা করেছেন। বিশেষ করে সাংবাদিকদের আন্তরিক সহায়তা আমার কাজকে সহজ করেছে। যতদিন এখানে দায়িত্বে আছি, ততদিন বন্দরের মানুষের পাশে থেকে সরকারি সেবা নিশ্চিতে কাজ করে যাবো।”
এই উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা শামীমা সুলতানা, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মতিউর রহমানসহ অনেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
তাঁর এক বছরের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে প্রশাসনিক দক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও সেবার মনোভাব। বন্দরবাসীর মুখে এখন একটাই কথা— “ইউএনও মোস্তাফিজুর রহমান আমাদের আস্থার প্রতীক।”