যশোরে সালমান শাহ হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল রাজপথ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে সালমান শাহ হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল রাজপথ..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
যশোরে সালমান শাহ হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল রাজপথ..
যশোরে সালমান শাহ হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল রাজপথ..
ছবি: সংগৃহীত
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে দড়াটানা মোড় থেকে মনিহার পর্যন্ত স..

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার দাবিতে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে দড়াটানা মোড় থেকে গাড়িখানা রোড পর্যন্ত সালমানভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রাত সাড়ে নয়টার দিকে শতাধিক ভক্ত সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা হাতে নিয়ে মিছিল শুরু করেন। মুহূর্তেই রাজপথে ছড়িয়ে পড়ে স্লোগান— “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “খুনিদের ফাঁসি চাই”। গাড়িখানা রোড থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল মনিহার সিনেমা হলের দিকে অগ্রসর হয়। পথে সাধারণ মানুষও যোগ দেন সেই প্রতিবাদে।

সালমান শাহ স্মরণে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসা সংগঠন ‘কাঠেরপুল যুবসংঘ’ এবারের কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে যশোরের বিভিন্ন বয়সের সালমানভক্তরা অংশ নেন।

রাত ১০টার দিকে মিছিলটি মনিহার সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করে সালমান শাহের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং পরবর্তীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কাঠেরপুল যুবসংঘের পরিচালক শিমুল ভুইয়া বলেন,
“২৯ বছর পর প্রমাণিত হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা নতুন করে আশাবাদী হয়েছি, কিন্তু এখনও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। যদি এই মামলাকে আবারও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, যশোর থেকেই শুরু হবে প্রতিবাদের ঝড়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন— ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম. আর. খান মিলন, গ্রামের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেন, ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা সালমান শাহকে নিয়ে অভিনেতা সোহেল রানার সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, “এ মিছিল কেবল প্রতিবাদ নয়—এটি এক শপথ। সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

সমাবেশ শেষে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র সাংবাদিক মুরশিদুল আজিম হিরু, সাংবাদিক নেতা কাজী রফিকুল ইসলাম, যুগান্তর, যমুনা টিভি, ডিবিসি নিউজ ও অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরা।

এছাড়া কাঠেরপুল যুবসংঘের সংগঠক রিকি খান, সদস্য সাকিব খান, রেহান ইসলাম, সেতু, রিংকু, ব্যবসায়ী নেতা ইমরান হোসেন, বর্ষা ইসলাম, রিয়া, শাফিন মুবিনসহ অসংখ্য সালমানভক্ত এ বিক্ষোভে অংশ নেন।

Ingen kommentarer fundet


News Card Generator