সত্যজিৎ দাস:
রেলওয়ে সেবায় স্বচ্ছতা ও অনিয়ম প্রতিরোধে ‘এনআইডি যার,টিকিট তার’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
এ সময় ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হয়। যাচাইয়ে তিনজন যাত্রীর ক্ষেত্রে টিকিট ও এনআইডির মধ্যে অসামঞ্জস্যতা ধরা পড়ে। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ১ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম বলেন,“রেলওয়ে সেবায় স্বচ্ছতা বজায় রাখতে এবং টিকিটের কালোবাজারি প্রতিরোধে ‘এনআইডি যার, টিকিট তার’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। যাত্রীরা যেন নিজস্ব পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয়ে সচেতন হন,সে লক্ষ্যেই এ অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ ও রেলওয়ে থানা পুলিশ সহায়তা করেন।
"Eye News BD" app
Mga komento 0