মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে ম্যানেজারের বাংলোতে হামলার অভিযোগে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাগানের সভাপতি অনিল ভূমিজ ও সেক্রেটারি সমীর কর্মকারের নেতৃত্বে একদল শ্রমিক হঠাৎ ম্যানেজারের বাংলোতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তারা বাংলোর দরজা-জানালা ভাঙচুর করে এবং ম্যানেজার শামসুল হক ভূঁইয়াকে মারধরের চেষ্টা করে বলে জানা গেছে। তিনি কোনোভাবে প্রাণে রক্ষা পান।
ম্যানেজার শামসুল হক ভূঁইয়া জানান, বাগানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি সম্প্রতি কঠোর অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু শ্রমিক নেতা সাধারণ শ্রমিকদের উসকে দেয়। ‘নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টাই এখন আমার অপরাধ হয়েছে,’ বলেন তিনি।
অন্যদিকে বাগানের সভাপতি অনিল ভূমিজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ম্যানেজারের ওপর হামলার অভিযোগ ভিত্তিহীন। শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেছে।’
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিকপক্ষ রোববার (২৬ অক্টোবর) থেকে বৈকুন্ঠপুর চা বাগানে লেঅফ ঘোষণা করেছে। বাগান এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।