চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম আজ সোমবার (২০ অক্টোবর) ভোলাহাটে মোটরসাইকেল শো-ডাউন এবং ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন। এই গণসংযোগের মাধ্যমে তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচনী এলাকায় নিজের অবস্থান জানান দিলেন।
বিকেলে ভোলাহাটের বিভিন্ন এলাকায় তিনি এই প্রচার কার্যক্রম চালান। আশরাফ হোসেন আলিম উপজেলার ফুটানীবাজার, সুরানপুর, ইমামনগর বাজার, মুশরিভুজা, খাসপাড়া ও বড়গাছী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য জনগণকে সচেতন করে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ করার সময় গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি'র নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন। এই বিশাল শো-ডাউন ও গণসংযোগ স্থানীয় রাজনীতিতে একটি বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
গণসংযোগ প্রসঙ্গে আশরাফ হোসেন আলিম বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি ৩১ দফা বাস্তবায়ন করার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করছেন। একই সঙ্গে, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে একই কাতারে নিয়ে আসার জন্য তিনি এই গণসংযোগ করছেন। তার এই তৎপরতা আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রার্থীর সম্ভাব্য মনোনয়ন দৌড়ে তার অবস্থানকে সুসংহত করবে।