সড়ক বিভাগের দুই একর জমি দখল করে বিশাল নার্সারি | আই নিউজ বিডি

সড়ক বিভাগের দুই একর জমি দখল করে বিশাল নার্সারি

MD Kaisar hamid avatar   
MD Kaisar hamid
সড়ক বিভাগের দুই একর জমি দখল করে বিশাল নার্সারি
সড়ক বিভাগের দুই একর জমি দখল করে বিশাল নার্সারি
ছবি: সংগৃহীত
ছবি বান্দরবান সড়ক বিভাগের বিশাল জায়গা দখল করে নার্সারি গড়ে তুলেছেন অভিযুক্ত নার্সারির মালিক ওসমান ও ছবুর মেম্বার..

 

বান্দরবান প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৫ ইং

বান্দরবান-কেরানিহাট মহাসড়কের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পেরিয়ে হলুদিয়া বাজারের আগে মইন্নারটেক এলাকায় সড়ক বিভাগের প্রায় দুই একর সরকারি জমি দখল করে বিশাল এক নার্সারি গড়ে তোলার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক বিভাগের জমিতে নিষিদ্ধ ইউক্লিপটাসসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে বাণিজ্যিকভাবে নার্সারি পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার এক প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি দখল করে রেখেছে।

অভিযোগ রয়েছে, উক্ত জমিটি বাংলাদেশ কৃষক লীগ সাতকানিয়া উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস ছবুর মেম্বার দখল করে ওসমান নামে এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন। বর্তমানে ওই ওসমানই নার্সারিটি পরিচালনা করছেন।

অভিযুক্ত নার্সারির মালিক ওসমান বলেন,

আমি সি এম বি থেকে দরখাস্তের মাধ্যমে নিয়েছি। সরকারের প্রয়োজন হলে জমি ফেরত দেব।

 

তবে আব্দুস ছবুর মেম্বারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন,

ছবুর মেম্বার প্রায় ১৭ বছর ধরে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্ম করে আসছেন। এখন তিনি কীভাবে সড়ক বিভাগের বিশাল জায়গা দখল করে রাখলেন, তা অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

 

সাতকানিয়া বাজালিয়া ইউনিয়ন ছাত্রদলের এক নেতা বলেন,

সরকারি জায়গা সরকারের কাছেই ফিরিয়ে দিতে হবে। যারা এই দখলে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবান নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন,

সরকারি জায়গা দরখাস্তের মাধ্যমে দেওয়ার কোনো সুযোগ নেই। কেরানিহাট থেকে বান্দরবান পর্যন্ত মহাসড়কের অবৈধ দখলদারদের তালিকা হেড অফিসে পাঠানো হয়েছে। খুব শিগগিরই উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।


এদিকে স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই এমন দখল সম্ভব হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন

একটি সাধারণ আবেদন দিয়েই কি সরকারি জমি দখল বৈধ হতে পারে?”

 

স্থানীয় জনগণ দ্রুত তদন্ত করে সরকারি জমি উদ্ধার ও দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator