যশোরে ইজিবাইক পরিষ্কার করতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন আশ্রম রোড পশ্চিম পাশে বসবাস করতেন। তিনি যশোরের পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় ইউসুফ নামের অপর এক ইজিবাইক চালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিদকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0