চট্টগ্রামের পটিয়ায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে ফ্যাসিস্টদের আর ক্ষমতায় ফিরতে দেওয়া যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমাদের রক্ত ও ত্যাগে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। শহীদের রক্তের সিঁড়ি বেয়ে অর্জিত মুক্ত স্বাধীন বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান হতে দেওয়া যাবে না।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়ার জিরি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামীয়া ও পটিয়া আল জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের এমন একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে আবার গণতন্ত্রের জন্য সংগ্রামে নামতে না হয়, জীবন দিতে না হয়। যেন রাজপথে আর কোনো শাপলা চত্বরের মতো নৃশংস ঘটনা না ঘটে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “কোনো দলের নামে ইসলাম শব্দটি থাকলেই তা ইসলামি দল হয় না। ইসলাম মানে আল্লাহর প্রতি বিশ্বাস, ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। বিএনপিই সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি গণতান্ত্রিক দল।”
জিরি মাদ্রাসার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহাপরিচালক আল্লামা মুহাম্মদ খোবাইব, আর পটিয়া মাদ্রাসার সভায় সভাপতিত্ব করেন আল্লামা আবু তাহের নদভী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক লায়ন হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, রেজাউল করিম নেছার, সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, জাহাঙ্গীর কবীর, শাহাদাত হোসেন সুমন, সাবেক মেয়র নুরুল ইসলাম খোরশেদ আলম গাজী, আবু তাহের, ফজলুল কবীর ফজলু, চেয়ারম্যান জসীম উদ্দীন, সিডিএ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। সালাহউদ্দিন আহমদ উপস্থিত সবার উদ্দেশে বলেন, “জনগণই শক্তি, তাই জনগণের ঐক্যই হবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র।”
তিনি শেষে আহ্বান জানান— দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে দৃঢ় ভূমিকা রাখে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0