চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর অধীনে থাকা থানাগুলোর 'স্বঘোষিত ক্যাশিয়ার' নামে পরিচিত একটি গোষ্ঠীর কারণে অপরাধ নিয়ন্ত্রণে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব ক্যাশিয়ারদের মধ্যে আছেন পুলিশের অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সদস্য, মাদক ব্যবসায়ী ও অন্যান্য দাগী অপরাধী। তারা বিভিন্ন অপরাধ স্পট এবং অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিটি থানায় একজন মুল ক্যাশিয়ার আছেন, যারা নিজেদের অধীনে আরও ২-৩ জন লোক নিয়োগ করে থাকেন। এই সিস্টেমটি পুরো মহানগর জুড়ে বিস্তৃত, যেখানে ১৬ টি থানায় প্রায় ৪০ জনেরও বেশি ক্যাশিয়ার সক্রিয়। এরা নিজেদের মধ্যে এলাকা ভাগ করে নিয়ে চাঁদা আদায় করেন এবং এর ফলে সাধারণ বৈধ ব্যবসায়ীরাও সমস্যায় পড়েন।
ক্যাশিয়ার পদ পেতে হলে লাখ লাখ টাকা লবিং করতে হয় এবং তদবিরের জোরালো প্রভাব থাকে। অভিযোগ রয়েছে, এভাবে আদায় করা টাকার বেশিরভাগই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিএমপি’র বিশেষ কর্মকর্তাদের পকেটে যায়। এদের সহযোগিতায় মাদক ব্যবসা, অবৈধ পলিথিন ব্যবসা, জুয়া, অবৈধ সোনা চোরাচালান, এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হয়।
এই ক্যাশিয়াররা টাকার বিনিময়ে নিরীহ মানুষকে পুলিশে ধরিয়ে দেয় এবং গ্রেফতার হওয়া অপরাধীদের থানা থেকে মুক্ত করার কাজও করেন। অনেক সময় পুলিশের বিশেষ অভিযানের খবর আগেভাগেই অপরাধীদের জানিয়ে দেন, যার ফলে পুলিশের অভিযান ব্যর্থ হয়। সিএমপি’র মাসিক অপরাধ সভায় এদের কার্যক্রম নিয়ে আলোচনা হলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এদের ভূমিকা এড়িয়ে যান। আনুষ্ঠানিকভাবে ক্যাশিয়ারদের কোনো পদ না থাকলেও এদের প্রভাব এবং কার্যক্রম মহানগরীর আইন-শৃংখলা পরিস্থিতি ক্ষতিগ্রস্থ করছে।
চট্টগ্রামের আইন-শৃংখলা পরিস্থিতি উন্নতির জন্য এই ক্যাশিয়ারদের কার্যক্রম বন্ধ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সিএমপি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0