মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ইং
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের স্লুইস বাজারে আজ বিকাল ৪.০০ ঘটিকায় “মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না” এই শ্লোগানে স্থানীয় বিএনপির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মা ইলিশ রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি ও নদীপথে পাহারার ব্যবস্থা জোরদার করাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের জাতীয় মাছ ইলিশ শুধু খাদ্য নয়, এটি আমাদের সংস্কৃতি ও অর্থনীতির অংশ। ইলিশ রক্ষা করা মানে দেশের সম্পদ রক্ষা করা।
এসময় স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “মা ইলিশ রক্ষা পেলে আমরাই উপকৃত হবো। এটা শুধু আমাদের নয়, পুরো দেশের মানুষের সম্পদ। এজন্য বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী হাসান মামুনের নেতৃত্বে ৪৮টি দল গঠন করে আমরা নদীতে পাহারার ব্যবস্থা নিয়েছি, যাতে দুষ্কৃতিকারীরা নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে।”
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি মাত্র উদ্দেশ্যে— আমাদের জাতীয় মাছ ইলিশকে রক্ষা করা। ইলিশ বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্মও যেন এই মাছ খেতে পারে, গর্ব করতে পারে। আপনারা যারা মানববন্ধনে অংশ নিয়েছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আমি নিজে মাঠে অভিযান চালানোর সময় আপনাদের সহযোগিতা দেখেছি। আগামী বারো দিনেও আপনারা যেন একইভাবে পাশে থাকেন, এই প্রত্যাশা করি।”
স্থানীয়রা জানান, নদী তীরবর্তী এলাকায় এখন দিন-রাত পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির তরুণ কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে নদীর পাড়ে অবস্থান করছেন, যাতে কেউ নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে। তারা মনে করেন, এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়িয়েছে এবং ইলিশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা, জেলে, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গর্বের প্রতীক। আমরা সবাই মিলে যদি আজ দায়িত্বশীল হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধন্যবাদ দেবে।” শেষে “নদী বাঁচাও, ইলিশ বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, অক্টোবর মাসে টানা ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ। এই সময়টিতে প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোর এমন অংশগ্রহণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। গলাচিপায় বিএনপির এই মানববন্ধন সেই প্রচেষ্টারই অংশ, যা মা ইলিশ সংরক্ষণে এক নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।