ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। তারা সতর্ক করে বলেছেন, জুলাই সনদের বাস্তবায়নে বাধা দিলে জাতীয় নির্বাচনও সংকটে পড়বে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “সংবিধানের দোহাই দিয়ে জনগণের ন্যায্য দাবি রোধ করা যাবে না। জুলাই সনদের অনেক বিষয় সংবিধানে নেই, তাহলে কি সংবিধানের দোহাই দিয়ে সেসব বাস্তবায়নও বাধাগ্রস্ত করা হবে?”
তিনি বলেন, “পিআর পদ্ধতি নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। অথচ জুলাই সনদ ছিল জনগণের রক্তে লেখা এক প্রতিশ্রুতি। এই সনদের দাবি শুধু রাজনৈতিক নয়, এটি এখন জাতীয় দাবি।”
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিশাল মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এই মানববন্ধন ছিল জুলাই সনদ বাস্তবায়ন ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের অংশ।
গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত টানা মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো নেতাকর্মী অংশ নেন। কেন্দ্রীয় নেতারা ঐতিহাসিক শাপলা চত্বরে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন। সেখানে প্রধান বক্তা মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং এমন একটি নির্বাচন হতে হবে যা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণে পরিপূর্ণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। এটা শুধু ইসলামী আন্দোলনের নয়, বরং আন্দোলনরত সকল দলের অভিন্ন দাবি।”
তিনি আরও বলেন, “তফসিল ঘোষণার আগে জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা না হলে এই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এবং জাতীয় নির্বাচনও গুরুতর সংকটে পড়তে পারে।”
তিনি অভিযোগ করেন, “একজন নির্বাচন কমিশনার একটি দলের মতো করে কথা বলছেন, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। গণভোট আয়োজনের সময় নিয়ে যে বিতর্ক চলছে তা রাজনৈতিক বিষয়, কিন্তু কোনো কমিশনারের পক্ষে পক্ষপাতমূলক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, “এর আগেও পিআর পদ্ধতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের দোহাই দিয়ে একদলীয় অবস্থান নিয়েছিলেন। জনগণ তা প্রত্যাখ্যান করেছে। আমরা আবারও তার ওই আচরণের তীব্র নিন্দা জানাই।”
শাপলা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, এডভোকেট বরকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা লোকমান হোসাইন জাফরি ও কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
গাবতলী থেকে শাহবাগ পর্যন্ত মহানগর উত্তর ও শাহবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মহানগর দক্ষিণের হাজারো নেতাকর্মী এই মানববন্ধনে অংশ নিয়ে “গণভোট চাই”, “পিআর চাই”, “সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ঠকানো চলবে না” – এসব স্লোগানে রাজধানী মুখর করে তোলে।
নেতারা বলেন, “জুলাই সনদ কেবল একটি দলিল নয়, এটি হচ্ছে নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি। এই সনদের প্রতিটি ধারা বাস্তবায়ন করতে হবে। জনগণের মতামত ছাড়া নির্বাচন আয়োজনের চেষ্টা করলে জাতি আর তা মেনে নেবে না।”
তারা সরকারের প্রতি আহ্বান জানান— “জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করুন, গণভোট দিন, জনগণের হাতে সিদ্ধান্ত ফিরিয়ে দিন। নইলে আন্দোলন আরও বিস্তৃত হবে।”
এই মানববন্ধন ঘিরে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন ছিল। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে ফিরে যান।
برنامه «Eye News BD»
نظرات 0