বরগুনার আমতলীর এক স্কুলছাত্র নিজের হাতেই তৈরি করেছে যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান, রাডার, মিসাইল ও যুদ্ধজাহাজ। স্বপ্ন তার বিজ্ঞানী হয়ে দেশের জন্য কাজ করা, তবে আর্থিক সংকট বাধা হয়ে দাঁড়িয়েছে তার প্রতিভার বিকাশে।
আমতলী উপজেলার গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সওকত ইসলাম সিফাত এখন পুরো এলাকার গর্ব। ছোট্ট এই তরুণ নিজ হাতে তৈরি করেছে দুটি যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা রাডার, মিসাইল ও যুদ্ধজাহাজ। স্থানীয়রা তাকে এখন “খুদে বিজ্ঞানী” বলে ডাকেন। তার চোখে একটাই স্বপ্ন—একদিন বড় বিজ্ঞানী হয়ে দেশের জন্য কিছু করা।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওগা গ্রামের কৃষক পরিবারে জন্ম সিফাতের। বাবা মো. বশির প্যাদা একজন সাধারণ কৃষক, আর মা চম্পা আক্তার একজন গৃহিণী। ছোটবেলা থেকেই সিফাতের আগ্রহ ছিল নতুন কিছু আবিষ্কারের প্রতি। বইয়ের বাইরে তার কৌতূহল সবসময় ঘুরে বেড়াত যন্ত্রপাতি ও প্রযুক্তির জগতে।
২০২২ সালে একটি হাফেজি মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি হয় সে। এক বছর কোরআন হেফজ শেষে ২০২৩ সালে চাওড়া পাতাকাটা মেহেরআলী দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে ভর্তি হয়। পরবর্তীতে ২০২৫ সালে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শুরু করে নিজের স্বপ্নের কাজ — বাস্তবে কিছু তৈরি করা।
২০২৫ সালের শুরুতেই সিফাত তিন মাসের প্রচেষ্টায় রাশিয়ার তৈরি মিগ-২৯ মডেলের একটি যুদ্ধবিমান তৈরি করে। এরপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত এফ-২২ মডেলের যুদ্ধবিমান তৈরির উদ্যোগ নেয়। অক্লান্ত পরিশ্রমে এবং সীমিত সামর্থ্য নিয়ে সে তৈরি করে একদম কার্যকর মডেলটি। শুধু তাই নয়, এর সঙ্গে সে তৈরি করে আকাশ প্রতিরক্ষা রাডার, মিসাইল ও যুদ্ধজাহাজও।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, খুদে বিজ্ঞানী সওকত ইসলাম সিফাত তার নিজ হাতে তৈরি এফ-২২ যুদ্ধবিমানটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আকাশে উড়িয়ে দেখাচ্ছে। বিমান তৈরিতে ব্যবহার করেছে রিমোট কন্ট্রোল, রিসিভার, বিএলডিসি মোটর, সার্ভো মোটর ও ব্যাটারিসহ নানা ইলেকট্রনিক যন্ত্রাংশ।
স্থানীয় জসিম প্যাদা ও জালাল মৃধা বলেন, “সিফাত ছোটবেলা থেকেই অন্যরকম। তার মেধা ও একাগ্রতা আমাদের মুগ্ধ করে। গ্রামের সবাই এখন তাকে খুদে বিজ্ঞানী নামে চেনে।
ছেলে সিফাত লেখাপড়ার পাশাপাশি আবিষ্কারে বেশি মনোযোগী। সারাক্ষণ গবেষণাগারে পড়ে থাকে। ইতিমধ্যে দুইটি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, রাডার ও মিসাইল তৈরি করেছে। কিন্তু অর্থের অভাবে তার কাজগুলো আরও বড় পরিসরে করতে পারছে না।”
তিনি আরও জানান, টিফিনের টাকা জমিয়ে, বাবা-মা ও প্রতিবেশীদের সহায়তায় এসব কাজ করেছে সিফাত। প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে এই আবিষ্কারগুলোতে।
গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীন মাহমুদ বলেন, “সওকত ইসলাম সিফাত অত্যন্ত মেধাবী ছাত্র। ক্লাসের বাইরে সে সবসময় নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। আমরা তাকে বিদ্যালয় থেকে যথাসম্ভব সহায়তা দিচ্ছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে আরও অনেক দূর যেতে পারবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান জানান, “আমরা বিষয়টি জেনেছি। এমন উদ্ভাবনী প্রতিভাবান ছাত্রের পাশে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে সিফাত বলেন, “আমি বিজ্ঞানী হয়ে দেশের জন্য কিছু করতে চাই। আমার বানানো বিমান, রাডার, মিসাইল ও যুদ্ধজাহাজ যদি কারও কাজে আসে, সেটাই হবে আমার সবচেয়ে বড় আনন্দ। অর্থের অভাবে অনেক সময় কাজ বন্ধ রাখতে হয়, কিন্তু আমি হাল ছাড়ব না।
গ্রামের মানুষ এখন গর্ব করে বলে—একদিন হয়তো এই খুদে বিজ্ঞানীই হবে বাংলাদেশের গর্ব, আর আকাশে ওড়াবে নিজের তৈরি আসল যুদ্ধবিমান।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0