ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) এক বিশেষ অভিযানে গাড়ি চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের হেফাজত থেকে ৪টি চোরাই ট্রাক উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার এলাকা থেকে মজিবুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ড্রাম ট্রাক চুরি হয়। এ ঘটনায় ১১ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা (নং-২৩) দায়ের করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম কেরানীগঞ্জ, সাভার ও যশোরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এতে গাড়ি চুরি চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ বিল্লাল ওরফে রনি (৩৬) ২. মোঃ শফিকুল ইসলাম (৫৫) ৩. মোঃ সজিব শিকদার (২৮) ৪. মোঃ সেলিম (৪৫) ৫. মোঃ মাসুদ আলম (৫৫)
অভিযানে উদ্ধার হওয়া চারটি ট্রাকের একটি হচ্ছে মামলার বাদীর চুরি যাওয়া গাড়ি, যা যশোর থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও পিকআপ চুরি করে যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ (ডিবি দক্ষিণ) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “গাড়ি চুরি চক্রের মূল হোতাদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।”