মোঃ নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি
১১ অক্টোবর, শুক্রবার — যশোর-০৪ আসনের (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. মাসুদ আহমেদ নওয়াপাড়ায় তাঁর নিজ বাসভবনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচনে দলের প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা ও সততাই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।”
তিনি আরও বলেন, “দেশের টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য প্রয়োজন যোগ্য, দেশপ্রেমিক ও নীতিবান নেতৃত্ব। জনগণের ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতেই আমি নির্বাচনে অংশ নিতে চাই।”
“আমি রাজনীতি নয়, মানুষের পাশে থেকে সেবা করতে চাই। তাদের সমস্যার বাস্তব সমাধান দিতে চাই, এটাই আমার লক্ষ্য।”
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. মাসুদ আহমেদ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সিরাজকাঠি গ্রামের এক শিক্ষিত ও সমাজসেবী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মকবুল আহমেদ মোল্লা ছিলেন এলাকার খ্যাতনামা ব্যবসায়ী ও সমাজসেবক।
১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ৩৬ বছরের কর্মজীবনে সততা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণে খ্যাতি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং চীন থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০২১ সালে অবসর গ্রহণের পর থেকে তিনি শিক্ষা, সমাজকল্যাণ ও তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছেন। জনগণের ভালোবাসা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি যশোর-০৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।
স্থানীয়দের মতে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. মাসুদ আহমেদ একজন সৎ, শিক্ষিত, অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতা হিসেবে সুপরিচিত।