বরগুনা-২ আসনে নির্বাচনী উত্তেজনা: বিএনপি-জামায়াতের সক্রিয়তা বৃদ্ধি | আই নিউজ বিডি

বরগুনা-২ আসনে নির্বাচনী উত্তেজনা: বিএনপি-জামায়াতের সক্রিয়তা বৃদ্ধি..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনা-২ আসনে নির্বাচনী উত্তেজনা: বিএনপি-জামায়াতের সক্রিয়তা বৃদ্ধি..
বরগুনা-২ আসনে নির্বাচনী উত্তেজনা: বিএনপি-জামায়াতের সক্রিয়তা বৃদ্ধি..
ছবি: সংগৃহীত
বরগুনা-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে।..

বরগুনা জেলার রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন এসেছে, বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর। দীর্ঘদিন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা এ জেলার বরগুনা-২ আসন এখন বিএনপি ও জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে সরব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন।

 

বরগুনা-২ আসনটি পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত। ২০০৮ সালের আগ পর্যন্ত বেতাগী ছিল বরগুনা-১ আসনের অন্তর্ভুক্ত। পরবর্তীতে সীমানা পুনঃনির্ধারণের পর এটি বরগুনা-২ আসনের অংশ হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মণি নির্বাচিত হয়েছিলেন।

 

বর্তমানে নির্বাচনী পরিস্থিতি বেশ উত্তপ্ত। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মণি এই আসন থেকে মনোনয়ন চাইবেন। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা বলেন, "এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সেই ধারাবাহিকতা আমি ধরে রাখতে চাই। দীর্ঘদিন আওয়ামী দুঃশাসন, জুলুম ও নির্যাতন সহ্য করেছি।"

 

তার পাশাপাশি সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মো. মনিরুজ্জামান মনির এবং লন্ডন প্রবাসী মাওলানা শামীমও মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয়। মনির বলেন, "১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামের সঙ্গে সক্রিয় ছিলাম। দলের নির্যাতিতদের পাশে ছিলাম। আশা করি, দল ত্যাগীদের মূল্যায়ন করবে।"

 

জামায়াত এ আসনে তাদের সংগঠন মজবুত করতে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলের প্রার্থী হিসেবে ডা. সুলতান আহমেদকে প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, "এতদিন দলের নেতাকর্মীরা গায়েবি মামলার আসামি ছিল। কিন্তু অভ্যুত্থানের পর সবার মনোবল চাঙ্গা হয়েছে।"

 

এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "দলীয়ভাবে আমাকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমরা কাজ করে যাচ্ছি।"

 

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এবং গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি। তাদের সংগঠন গোছানো এবং প্রার্থী বাছাইয়ের কাজে ব্যস্ত রয়েছে।

 

ভোটাররা জানান, তারা আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ প্রার্থীকেই বেছে নেবেন। জনমত যাচাইয়ে দেখা যাচ্ছে, বরগুনা-২ আসনে বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। তবে আসন্ন নির্বাচনে কে শেষ পর্যন্ত জয়ী হবে, তা সময়ই বলে দেবে।

Nema komentara


News Card Generator