২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
সোমবার বিকেলে ঢাকা–আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যাংক হেমায়েতপুর শাখার গ্রাহকরা এ মানববন্ধনে অংশ নেন। এতে নারী ও পুরুষ উভয় গ্রাহকই উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে প্রায় সাত হাজার লোক নিয়োগ দিয়েছে, যা ব্যাংকের নীতিমালা পরিপন্থী। তারা বলেন, এস আলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনা এবং অবৈধভাবে দেওয়া সকল নিয়োগপত্র বাতিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও জানান, ইসলামী ব্যাংকের প্রকৃত গ্রাহক ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।