অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকে রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশ্বাস করে ভুল করেছে ছাত্রনেতারা, আর এখন অনেকে আখের গুছিয়ে গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
Short Description (English):
Former adviser Nahid Islam has alleged that many interim government advisers are seeking safe exits through political alliances, betraying the student movement that brought them to power.
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা ও আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন এবং এখন নিজেদের সেফ এক্সিটের পথ খুঁজছেন।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের ভুল ছিল অনেককে অন্ধভাবে বিশ্বাস করা। যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেকের প্রতি আস্থা রাখা আমাদের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং সম্মিলিতভাবে সরকারে যাওয়া। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা আমরা রেখেছিলাম, সেটি আজ প্রতারণায় রূপ নিয়েছে।”
তিনি আরও বলেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সময় আসলে আমরা এদের নামও প্রকাশ করব। অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গোপন সমঝোতায় গিয়েছে এবং নিজেদের নিরাপদ প্রস্থানের চিন্তা করছে।”
নাহিদের মতে, উপদেষ্টারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সমর্থন, আর সেই সমর্থন না থাকলে তারা সরকার চালাতে পারবেন না। তবে বাস্তবে রাজনৈতিক দলগুলো নানাভাবে সরকারকে বাঁধার মুখে ফেলেছে বলেও তিনি অভিযোগ করেন।
ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে নাহিদ ইসলাম বলেন, “সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাস থেকেই সরকার উৎখাতের চেষ্টা এবং প্রতিবিপ্লবের নানা ষড়যন্ত্র চলছিল, এখনো মাঝে মাঝে তা দেখা যায়। সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই।”
সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার না গঠন করে জাতীয় সরকার না করায় হতাশা প্রকাশ করে এনসিপি নেতা বলেন, “রাজনৈতিক দলগুলো যদি নাগরিক সমাজের সঙ্গে সম্মত হয়ে জাতীয় সরকার গঠন করত, তাহলে ছাত্রদের কাঁধে এই দায়ভার পড়ত না। ঐতিহাসিক এবং সময়ের প্রয়োজনে আমাদের সেই দায়িত্ব নিতে হয়েছে।”
নাহিদের বক্তব্যে স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের ভিতরে এখন এক ধরনের বিভাজন এবং অবিশ্বাস তৈরি হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, সময় এলে যারা গণআন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের নাম প্রকাশ করা হবে। তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও তীব্র করেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0