বরগুনায় প্রীতি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত
বরগুনা প্রতিনিধি :::
আজ শনিবার (০৪ অক্টোবর ২০২৫) বরগুনায় অনুষ্ঠিত হলো প্রীতি দাবা টুর্নামেন্ট। সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বরগুনার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বাছাইকৃত ৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। তারা হলেন— প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আতিকুর রহমান, সেইফ-এর সভাপতি এহসান আহমাদ নোমান, স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মহিউদ্দিন অপু, কালেরকণ্ঠ শুভসংঘের সহসভাপতি মো. জাহিদ হাওলাদার, আত্মোন্নয়ন মঞ্চের সদস্য সচিব সুবাহ্ তাবাসসুম ঐশী, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর বাপন দেবনাথ, বরগুনা সাইন্স সোসাইটির সদস্য মুনতাসির রহমান তালহা এবং সেইফ-এর সদস্য লাজিনা বিনতে মোস্তফা।
আয়োজক কর্তৃপক্ষ জানান, দাবা প্রতিযোগিতা যেমন মেধা বিকাশে সহায়ক, তেমনি এটি তরুণ সমাজকে ইতিবাচক ও বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ ধারার বিনোদনের অংশ হিসেবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখারও আশ্বাস দেওয়া হয়।
টুর্নামেন্টের ফলাফলে— চ্যাম্পিয়ন হয়েছেন মো. জাহিদ হাওলাদার, প্রথম রানার্স আপ হয়েছেন এহসান আহমাদ নোমান এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন মহিউদ্দিন অপু।